জেনেভা, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- কৌশলগত পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি স্টার্ট-১ এর স্থলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নুতন চুক্তির আগ্রহের কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, দু'দেশের মধ্যকার সম্পর্ক নতুন করে শুরু করতে ওয়াশিংটনের কাছ থেকে আহ্বান পাওয়ার পর এটাই হবে তাদের অগ্রাধিকারের বিষয়।
শুক্রবার জেনেভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পরদিন সেখানে নিরস্ত্রিকরণ বিষয়ক সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা জানিয়েছেন।
তিনি বলেন, "আমরা প্রস্তুত, সম্পর্ক নতুন করে শুরু করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে আহ্বান পাওয়া গেছে... সেক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ হতে পারে রুশ-মার্কিন কৌশলগত অস্ত্র বিষয়ক নতুন চুক্তি।"
এছাড়া তিনি ওয়াশিংটনের প্রতি পূর্ব ইউরোপে পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পর্যালোচনার সময় মস্কোর উদ্বেগের বিষয়টিও আমলে নেওয়ার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে রাশিয়া তাদের প্রতি হুমকি হিসেবে বিবেচনা করবে বলে তিনি জানান।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, "পূর্ব ইউরোপে এই ধরনের একটি পদক্ষেপ রুশ ফেডারেশনের কৌশলগত স্বার্থের প্রতি হুমকি হয়ে দেখা দেবে। হুমকি মোকাবেলায় তখন আমাদেরও পাল্টা ব্যবস্থা নিতে হবে।"
হিলারি গত শুক্রবার জানান, স্টার্ট-১ চুক্তির পরিবর্তে নতুন চুক্তির জন্য রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর বিষয়টি ওয়াশিংটন গুরুত্বের সঙ্গে নেবে।
শীতল যুদ্ধের সময় প্রতিপক্ষ সোভিয়েত রাশিয়ার সঙ্গে দূর-পাল্লার পারমাণবিক অস্ত্র সীমিতকরণ স্টার্ট-১ চুক্তিটি করে যুক্তরাষ্ট্র। এ বছরের ডিসেম্বরে এর মেয়াদ শেষ হবে।
রাশিয়া মনে করে শীতল যুদ্ধের সময় এই চুক্তির ফলেই দুই পক্ষের মধ্যে অস্ত্র সীমিত রাখা সম্ভব হয়েছিল এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি না করা গেলে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এমএইচবি/২২১১ ঘ.
bdnews24