রামাল্লাহ, পশ্চিম তীর, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের প্রধানমন্ত্রী সালাম ফায়াদ শনিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চলতি মাসের শেষে তার পদত্যাগপত্র কার্যকর হবে বলে তিনি জানিয়েছেন।
ফায়াদ পদত্যাগ করলে ফিলিস্তিনের দুই প্রধান রাজনৈতিক সংগঠন ফাতাহ ও হামাসের মধ্যে সংহতির আলোচনায় অগ্রগতি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
হামাস দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ফায়াদের কঠোর সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করছেন। হামাসের কিছু কর্মকর্তা তাকে 'আমেরিকার হিসাবরক্ষক' বলে থাকেন।
প্রধানমন্ত্রী ফায়াদ লিখিতভাবে পদত্যাগের কথা জানানোর কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট আব্বাস সাংবাদিকদের জানান, মিসরের মধ্যস্থতায় ফাতাহ ও হামাসের মধ্যে জাতীয় ঐক্যের সকরার গঠনের প্রচেষ্টার ফলাফল না পাওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থেকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মিসরের কায়রোতে আগামী সপ্তাহে হামাস ও ফাতাহর মধ্যে সংহতি আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনি কর্মকর্তা এবং পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, দুই পক্ষ তাদের মধ্যেকার মতপার্থক্য কমিয়ে জাতীয় ঐক্যের জোট গঠন করতে পারে কি-না সেটা এখনো পরিষ্কার নয়।
প্রেসিডেন্ট আব্বাসের অনুগত ফাতাহ পশ্চিম তীর শাসন করে। অন্যদিকে, ফিলিস্তিনের আরেক অংশ গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এমএইচবি/২০০৪ ঘ.
bdnews24