নাইরোবি, ৬ মার্চ , (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স/বিবিসি)-- কেনিয়ায় দুইজন মানবাধিকার কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় কেনিয়ায় ক্ষোভ দেখা দিয়েছে। হত্যার ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিনা-বিচারে হত্যাকাণ্ড তদন্তকারী এক জাতিসংঘ কর্মকর্তা।
নাইরোবিতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন স্টেট হাউসের কাছে 'অস্কার ফাউন্ডেশন' এর পরিচালক কামাউ কিঙ্গারা ও তার সহকর্মী প্রোগ্রাম সমন্বয়ক জন পল ওউলুর গাড়ি থামিয়ে তাদের গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। পরে এ ঘটনার জেরে ছড়িয়ে পড়া দাঙ্গায় গুলিতে নিহত হয় এক ছাত্র।
ওই দুই মানবাধিকার কর্মী পুলিশের বিনা বিচারে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছিলেন। সরকারের একজন মুখপাত্র কিঙ্গারা ও ওউলুর বিরুদ্ধে একটি অপরাধী চক্রকে মদদ দেওয়ার অভিযোগ তোলার কয়েকঘন্টা পরই তাদের হত্যা করা হয়।
কেনিয়ার মানবাধিকার সংগঠনগুলো এ হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেছে। তবে পুলিশ এ ঘটনায় সরকারের কোনওরকম সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।
জাতিসংঘ তদন্তকারী কর্মকর্তা ফিলিপ এলস্টোন বলেছেন, এ পরিস্থিতিতে মানুষ পুলিশকেই সন্দেহ করবে।
তিনি বলেন, "ঘটনার জন্য যেই দায়ী হোক না কেন এটি আইনের শাসনের প্রতি মারাত্মক হুমকি।" এ ঘটনার দায়ে কেনিয়ার মীর্ষ পুলিশ কর্মকর্তা ও এটর্নি জেনারেলের পদত্যাগ দাবি করেছেন এলস্টোন।
বিডিনিউজ ২৪ ডটকম/এলকিউ/২১৪০ ঘ.
bdnews24