জাতিসংঘ, মার্চ ৬ (বিডিনিউজ২৪ডটকম/রয়টার্স) - দারফুর থেকে সুদান সরকারের ১৩টি সাহায্য সংস্থা বহিষ্কারের নির্দেশ নিয়ে জতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার আলোচনায় বসছে। সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বশির সাহায্য সংস্থাগুলো বহিষ্কারের নির্দেশ দেন।
দারফুরে কর্মরত জতিসংঘের মানবিক সাহায্য সংস্থার একজন কর্মকর্তা শুক্রবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে এর প্রেক্ষিতে সেখানকার মাঠের চিত্র তুলে ধরবেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।
কূটনীতিকদের তথ্যানুসারে দারফুরে প্রায় ৪৭ লাখ মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল।
লিবিয়ার একজন কূটনীতিক রয়াটর্সকে বলেছেন, সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ও এ সংক্রান্ত প্রক্রিয়া বাতিল করার আরব লীগ এবং আফ্রিকান ইউনিয়নের অনুরোধের বিষয়টি নিরাপত্তা পরিষদে আলোচনার জন্য উত্থাপন করবে তার দেশ।
তবে, পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না। পর্যায়ক্রমে একেক দেশের দায়িত্ব পালনের পরিক্রমায় এ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে লিবিয়া।
লিবিয়া নিরাপত্তা পরিষদের সঙ্গে আফ্রিকান ইউনিয়ন এবং আরব লীগের একটি বৈঠক আয়োজন করতে সক্ষম হবে বলে আশা করছেন ওই কূটনীতিক।
ওদিকে, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ১৩টি সাহায্য সংস্থাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে খার্তুমের প্রতিক আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, সুদান ওই সিদ্ধান্ত কার্যকর করলে দারফুরে "অপূরণীয় ক্ষতি" হয়ে যাবে।
জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থার উপপ্রধান ক্যাথেরিন ব্রাগ বলেছেন, প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে হেগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সুদানে কিছু সাহায্যকর্মীকে হয়রানি আটকের খবর অবগত হয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ২৪ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24