২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে আফগানিস্তান সম্মেলনে আমন্ত্রণ জানাবে যুক্তরাষ্ট্র: হিলারি

আফগানিস্তান নিয়ে এ মাসে প্রস্তাবিত আন্তর্জাতিক সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানাতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ব্রাসেলস, মার্চ ৬ (বিডিনিউজ২৪ডটকম/রয়টার্স) - আফগানিস্তান নিয়ে এ মাসে প্রস্তাবিত আন্তর্জাতিক সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানাতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার একথা বলেছেন। ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলারি বলেন, "আমরা যদি সেরকম একটি সম্মেলনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই তাহলে আফগানিস্তানের প্রতিবেশী হিসেবে ইরানকে আমন্ত্রণ জানানো হবে বলে আশা করা হচ্ছে।" সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নীতি থেকে নাটকীয় মোড় পরিবর্তন করে প্রেসিডেন্ট ওবামা ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বলেছেন যে, অনেক ইস্যুতে ইরানকে সম্পৃক্ত করা হবে। আফগানিস্তান সম্মেলনে দেশটিকে সম্পৃক্ত করা হলে তা হবে ওবামা প্রশাসনের ইরান-কূটনীতি বদল শুরুর দৃষ্টান্ত। হিলারি ওই সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তা এ মাসের ৩১ তারিখে অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তান ও ইরানসহ আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে এমন অন্যান্য দেশসহ ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে এ সম্মেলনে ডাকা হতে পারে। ভারত ও চীন এ সম্মেলনে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে হিলারি বলেন, "যাদের স্বার্থ রয়েছে এবং যারা আগ্রহী তাদের সবাইকে একত্রে আনার একটা উপায় এটি।" ২০০১ সালে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে বিমান হামলার পর সন্দেহভাজন আল কায়েদা সন্ত্রাসীদের নির্র্মূলে ও আফগানিস্তানে সেনা অভিযান শুরু করে এবং সেখানকার তৎকালীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র। সে সময় ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছিল। বিডিনিউজ২৪ডটকম/রয়টার্স/এএমটি/এলকিউ/১৫৪৫ ঘ.