২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের ওপর হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে: জারদারি

পাকিস্তানের লাহোরে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পাকিস্তানের পুলিশ। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানিয়েছেন, সন্ত্রাসীদের পাকড়াও করে কঠোর শাস্তি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ইসলামাবাদ, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- পাকিস্তানের লাহোরে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পাকিস্তানের পুলিশ। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানিয়েছেন, সন্ত্রাসীদের পাকড়াও করে কঠোর শাস্তি দেওয়া হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাস লক্ষ্য করে রাইফেল, গ্রেনেড ওরকেট নিয়ে হামলা চালায় এক ডজন বন্দুকধারী। এতে শ্রীলঙ্কার ছয় খোলোয়াড় ও এক ব্রিটিশ কোচ আহত হয় এবং পুলিশ সদস্যসহ আট পাকিস্তানি নিহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ভারী অস্ত্রসজ্জিত এই সন্ত্রাসীদের খুঁজে বের করতে তারা তল্লাশি জোরদার করেছে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হলেও এখনো কোনো যোগসূত্র খুজে পাওয়া যায়নি। তবে তদন্তের সঙ্গে জড়িত মধ্যসারির এক কর্মকর্তা জানিয়েছেন, খুঁজে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, পাকিস্তান সফররত শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোলাগামাকে প্রেসিডেন্ট জারদারি জানিয়েছেন, তদন্তে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, "লাহোর হামলা তদন্তে অগ্রগতি হয়েছে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।" জারদারি স্বীকার করেছেন, শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানি ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়েছে। তবে এতে করে দুই দেশের সম্পর্কের অবনতি হবে না উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে দুদেশের অভিজ্ঞতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এর আগে জারদারি বলেন, শ্রীলংকান ক্রিকেট দলের ওপর হামলাই প্রমাণ করেছে যে দেশ অশুভ শক্তির মুখে আছে। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/২০৫০ ঘ.