কলম্বো, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় তামিল টাইগার বিদ্রোহিদের দখলে থাকা সর্বশেষ শহরে ঢুকে পড়েছে সেনাবাহিনী। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তারা এখন গেরিলাদের সঙ্গে লড়ছে। সেনাবাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে।
তুমুল যুদ্ধের পর ৫৮তম ডিভিশনের সেনারা পুথুকুদিয়াইরুপ্পু শহরে ঢুকে পড়েছে। 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম'(এলটিটিই)'র দখলে থাকা এটিই সর্বশেষ শহর। সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিতে পারলে টাইগারদের দখলে থাকবে আর মাত্র কয়েকটি উপকূলীয় ছোট গ্রাম।
প্রতিরক্ষা মুখপাত্র এবং মন্ত্রী খিলিয়া রামবুকাওয়ালে বলেন, "সেনারা পুথুকুিদয়াইরুপ্পুর ভেতর ঢুকে পড়েছে এবং শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে।"
গত সোমবার ৫৮তম ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার সাভেন্দ্রা সিলভা বলেছিলেন, "এটাই লড়াইয়ের শেষ লক্ষ্য।" কয়েক সপ্তাহ নয় কয়েক দিনের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে জানান তিনি।
উত্তর-পূর্ব উপকূলে সেনাবাহিনীর নির্ধারিত ১২ কিলোমিটার দীর্ঘ 'নো ফায়ার জোন' থেকে ৫৮তম ডিভিশনের সেনারা আর মাত্র ছয় কিলোমিটার দূরে আছে। এখানেই সাভেন্দ্রা সিলভার সেনাদের সঙ্গে তামিল টাইগারদের চূড়ান্ত লড়াই হবে বলে সেনা কমান্ডাররা আশা করছেন।
সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধাঞ্চলে আটকে পড়া বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অভিযানের গতি মন্থর হয়ে পড়েছে।
যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে যাওয়া লোকজন জানিয়েছে, পালানোর চেষ্টা করলে টাইগারারা তাদের ওপর গুলি ছুড়ছে এবং তাদের সেখানে থেকে যুদ্ধ করতে বাধ্য করছে।
সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধাঞ্চলে ৭০ হাজারের বেশি মানুষ আটকা পড়েছে। তবে সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, প্রায় দুই লাখ মানুষ সেখানে আটকা পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩৫ ঘ
bdnews24