২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া মঙ্গলবার রকেটে করে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি আসলে উত্তর কোরিয়ার দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

সউল, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া মঙ্গলবার রকেটে করে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি আসলে উত্তর কোরিয়ার দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি। দক্ষিণ কোরিয়াকে বেশ কয়েকবার শাসানো এবং কোরিয়া উপদ্বীপ যুদ্ধের দ্বারপ্রান্তে বলে সতর্ক করে দেওয়ার পর উত্তর কোরিয়া ওই ঘোষণা দিল। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ংয়ের প্রতি কট্টর নীতি পরিহারের জন্য দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানকে চাপে রাখতে উত্তর কোরিয়া ধ্বংসাত্মক নীতি নিয়েছে। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা বলেছে, "কমিউনিকেশনস স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি এখন দ্রুতই এগুচ্ছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হলে উত্তর কোরিয়ার মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি অর্থনৈতিক শক্তি গড়ে তোলার পথে আরও একধাপ এগিয়ে যাবে।" সউল ও টোকিওর সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা উত্তর কোরিয়ার কর্মকাণ্ড গভীরভাবে লক্ষ করছেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই উৎক্ষেপণ কাজটি করা হতে পারে। উত্তর কোরিয়া ১৯৯৮ সালে একবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথা বলে জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সবাইকে হতবাক করে দেয়। এবার তাদের দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হলে পিয়ংইয়ংয়ের ভাণ্ডারে ৬ হাজার ৭০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র যোগ হবে। যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম হবে। দক্ষিণ কোরিয়ার নেতৃস্থানীয় একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, উত্তর কোরিয়া এ মাসের শেষের দিকে সবচে দূর পাল্লার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাপত্রে বলা হয়েছে, উত্তর কোরিয়া একটি নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এটি ৩ হাজার কিলোমিটার (১৮৬৫ মাইল) পাড়ি দিয়ে জাপান ওপর দিয়ে গুয়ামের মার্কিন ঘাঁটি পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সউল সরকার বলেছে, উত্তর কোরিয়ায় ইতোমধ্যেই কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। এগুলো দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইবি/১৬৩১ ঘ.