বাগদাদ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জাইদি জানিয়েছেন, বুশের 'শীতল হাসি' সহ্য না করতে পেরে তিনি জুতা ছুড়েছিলেন।
বৃহস্পতিবার বাগদাদে শুরু হয়েছে জাইদির বিচার। বিদেশি নেতাকে অপমানের অভিযোগে তার ১৫ বছর কারাদণ্ড হতে পারে।
গত ডিসেম্বরে ইরাকে বুশের বিদায়ী সফরের সময় জাইদি তার দিকে জুতা ছুড়ে মারেন এবং 'কুকুর' বলে গালি দেন। তার বিরুদ্ধে সফররত একজন রাষ্ট্রপ্রধানকে অপমানের অভিযোগ আনা হয়েছে।
আদালতে জাইদি জানান, বাগদাদে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলার সময় বুশ ইরাকে তার সফলতার বয়ান দিচ্ছিলেন এবং হাসছিলেন। এ সময় তার মনে হয়, এই মানুষটি দশ লাখের বেশি ইরাকিকে হত্যা করেছে, মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। অসংখ্য নারীর সম্ভ্রম হারানোর জন্য তিনিই দায়ী। এ সব কথা মাথায় আসার পর তিনি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি।
জাইদি বলেন, "বুশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন আর শীতল হাসি হাসছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে বলছিলেন তার সঙ্গে আজ রাতে ডিনার করবেন।"
"হঠাৎ আমার মনে হল রুমের মধ্যে বুশ ছাড়া কাউকে আমি দেখছি না। আমি অনুভব করলাম, তার পায়ের নিচ দিয়ে বইছে অসংখ্য নিরীহ মানুষের রক্তের স্রোত। আর তার মুখে শীতল হাসি।"
"আমার মনে হলো, এই মানুষটিই সব হত্যার জন্য দায়ী। সব ঘাতকের বড় ঘাতক। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। জুতা ছুড়ে মারলাম তার দিকে।"
তিন বিচারককে নিয়ে গঠিত আদালতে জাইদি স্বীকার করেন, দুই বছর আগেই তিনি জুতা ছুড়ে মারার অনুশীলন করেছিলেন এবং অনুশীলনের একটি ভিডিও ধারণ করেন। জর্ডান সফরের সময় বুশকে জুতা মারবেন বলে পরিকল্পনা করেছিলেন। তবে সে সময় সেটা সম্ভব হয়নি।
জাইদি জানান, জুতা ছোড়ার ওই ঘটনায় তাকে পেটানো ও বৈদ্যুতিক শক দেওয়ার পর তিনি একই স্বীকারোক্তি প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের কাছে দিয়েছিলেন।
বৃহস্পতিবার জাইদিকে হাতকড়া পরিয়ে নিরাপত্তারক্ষীদের কড়া পাহারার মধ্য দিয়ে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের কেন্দ্রীয় অপরাধ আদালতে হাজির করা হয়। আদালত কক্ষে অপেক্ষায় ছিল তার পরিবারের সদস্যরা। তারা জাইদির কাঁধে জড়িয়ে দেয় একটি ইরাকি পতাকা।
বুশকে জুতা ছোড়ার পর দুমাসেরও বেশি সময় বন্দি রয়েছেন জাইদি। তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০২৮ ঘ.
bdnews24