২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কারজাই

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তার বিরুদ্ধে বাড়তে থাকা যুক্তরাষ্ট্রের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে রোববার বলেছেন, তিনি ওবামা প্রশাসনের কাছ থেকে 'ভালো বিবেচনাবোধ' আশা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তার বিরুদ্ধে বাড়তে থাকা যুক্তরাষ্ট্রের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে রোববার বলেছেন, তিনি ওবামা প্রশাসনের কাছ থেকে 'ভালো বিবেচনাবোধ' আশা করছেন। সিএনএন-কে কারজাই বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান জনগণের সঙ্গে একেবারেই 'সম্পর্ক রহিতভাবে' কাবুল সরকারের বর্ণনা দিয়েছেন। এতে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের অপরিপক্কতাই ফুটে উঠেছে। সিএনএন-এর 'ফ্রিড জাকারিয়া জিপিএস' অনুষ্ঠানে তিনি বলেন, "আমি আশা করি নতুন সরকার সুস্থির হয়ে ওঠার পর, তারা আরও জানার পর আমরা তাদের ভালো বিবেচনাবোধ দেখতে পাব।" ওবামা আফগানিস্তানে মার্কিন সৈন্য সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৬০ হাজার করার পরিকল্পনা করছেন। আফগানিস্তানে মার্কিন নীতিও পর্যালোচনা করে দেখা হচ্ছে। আফগানিস্তানের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তালেবান সরকার উৎখাত হওয়ার ৭ বছর পরে আবার তালেবানরা দেশটিতে শক্তভিত গড়ে তুলতে শুরু করায় যুক্তরাষ্ট্রে কারজাইর সমালোচনা উত্তোরত্তর বাড়ছে। ওবামার বিরূপ মন্তব্য সত্ত্বেও কারজাই সাক্ষাৎকারে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের এই নতুন নেতার প্রতি শ্রদ্ধাশীল। "আমি খুবই ইতিবাচকভাবে অবশ্যই তার সঙ্গে আলোচনায় অংশ নিতে পারব।" তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে বেসমারিক জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগটি পুনরায় তোলেন কারজাই। তিনি বলেন, বেসামরিক লোকজন হতাহত হওয়ায়, তাদের গ্রেপ্তার ও বাড়িঘর তল্লাশির কারণে আফগানরা আস্থা হারাচ্ছে। একদিকে কারজাই অভিযোগ, অন্যদিকে তার প্রশাসন, এমনকি তার ভাইয়ের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগও প্রচারমাধ্যমে বের হয়েছে। এ ধরনের অভিযোগের সরাসরি জবাব এড়িয়ে গিয়ে কারজাই বলেন, "কোন বিষয়ে মতবিরোধ ঘটলে এরকম অভিযোগ উঠতে থাকে।" "আমার উপসংহার হচ্ছে, দুর্ভাগ্যজনকভাবে এসবই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল" মন্তব্য করেন কারজাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১৯ ঘ.