ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গত নভেম্বরে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের আংশিক পাকিস্তানের মাটিতে হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা। ওই ষড়যন্ত্রের মূল হোতা এবং আরও পাঁচ সন্দেহভাজন পাকিস্তানি কারাগারে আটক রয়েছে বলে তিনি জানান।
রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রেহমান মালিক বলেন, "ষড়যন্ত্রের খানিকটা পাকিস্তানে সংঘটিত হয়েছে।" তিনি জানান, হামলায় জড়িত পাকিস্তানি নাগরিকদের বিচারের প্রক্রিয়া শুরু করতে সরকার বাদী হয়ে একটি মামলা করেছে।
হামলা চালাতে বন্দুকধারীরা কীভাবে করাচি থেকে যাত্রা করে তিনি সংবাদ সম্মেলনে তার বর্ণনাও দেন।
ফোনালাপ ও ব্যাংক লেনদেনের সূত্র ধরেই ষড়যন্ত্রের মূল হোতা হাম্মাদ আমিন সাদিককে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
মালিক বলেন, "সাদিকই মূল ষড়যন্ত্রকারী।" জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজনকে করাচি এবং অন্যজনকে সেখান থেকে দুই ঘন্টা দূরের জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, "করাচির যে জায়গাটি থেকে সন্ত্রাসীরা মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল আমরা তা জানতে পেরেছি। সমুদ্রযাত্রার কিছু প্রশিক্ষণও তাদের ছিল।"
"আটক সন্দেহভাজনদের কেউ কেউ ওই অভিযানের পূর্ণাঙ্গ বর্ণনা আমাদের দিয়েছে", বলেন মালিক।
সন্ত্রাসীদের ব্যবহৃত জেলে নৌকা, লাইফ জ্যাকেট এবং যে রাবার ডিঙ্গিতে করে তারা মুম্বাই উপকূলে ওঠে তার ইঞ্জিন কেনার সূত্র ধরেই তদন্তে বিস্তারিত জানা যায়।
মালিক জানান, লস্কর ই-তৈয়্যেবার দুই সদস্য জাকি-উর-রেহমান ও জারার শাহ আগে থেকেই আটক আছে। অন্য যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম খান ও রিয়াজ। তদন্তের স্বার্থে এই দুজনের পুরো নাম এখন জানানো হচ্ছে না।
এছাড়া আটক জাভেদ ইকবাল নামের অন্য সন্দেহভাজনকে ফাঁদপেতে স্পেনের বার্সেলোনা শহর থেকে পাকিস্তানে এনে আটক করা হয়েছে।
সরকারে দায়ের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, "মামলাটির এফআইআর করেছি আমরা।"
পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"কের চারদিনব্যাপী পাকিস্তান সফরের সময় ইসলামাবাদ মুম্বাই হামলা তদন্তের এই প্রতিবেদন প্রকাশ করল।
পাকিস্তান থেকে বৃহস্পতিবার কাবুল পৌঁছানোর কথা আছে হলব্র"কের। আঞ্চলিক সফরের শেষ পর্যায়ে আগামী সপ্তাহের প্রথম দিকে তিনি ভারত যাবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ জানিয়েছেন, পাকিস্তানের এই প্রতিবেদন পর্যালোচনার পরেই ভারত তার প্রতিক্রিয়া জানাবে।
গত নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে জঙ্গি হামলায় দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে বিরাজমান উত্তেজনা আরও বেড়ে গেছে। হামলায় কমপক্ষে ১৭৯ জন নিহত হয়। পাকিস্তানের সঙ্গে চলতে থাকা শান্তি আলোচনাও বন্ধ করে দেয় ভারত।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবা ওই হামলা চালিয়েছে বলে উল্লেখ করে এতে হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদদ ছিল বলে দাবি করেছে ভারত। তবে, পাকিস্তান বরাবরই বলে আসছে, ওই ঘটনায় তাদের কোনো রাষ্ট্রীয় সম্পৃক্ততা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/এমএইচবি/২০২০ ঘ.
bdnews24