জেরুজালেম, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলের ক্ষমতায় যে দল বা মতের সরকারই থাকুক না কেন, ইরানকে কিছুতেই পরমাণু অস্ত্র সমৃদ্ধ হতে দেবে না সে সরকার। বিদায়ী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট জাতীয় নির্বাচনের একদিন আগে রোববার একথা বলেছেন।
মঙ্গলবারের নির্বাচনে ওলমার্টের দল মধ্যপন্থী কাদিমা পার্টির প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে ডানপন্থী লিকুদ পার্টির নেতা বেনজামিন নেতানিয়াহু'র তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনের এক প্রচারাভিযানে কট্টর নেতানিয়াহু বলেছেন, ক্ষমতায় গেলে ইরানের পরমাণূ স্থাপনায় হামলা চালিয়ে দেশটির পরমাণু শক্তিধর হওয়ার আকাঙ্খা রুদ্ধ করে দেবেন তিনি।
অবশ্য ভোটের বিবেচনায় নেতানিয়াহুর দলের এককভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা কম। জরিপ ফলাফল অনুসারে বিজয়ী হলেও তাদের হয়তো লেবার পার্টির মতো উদারপন্থীদের নিয়ে নতুন একটি জোট সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে হবে।
ওলমার্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, "ইসরায়েল কোনো অবস্থাতেই পরমাণু শক্তিধর ইরানকে মেনে নেবে না বলে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী, এ বিষয়ে ইসরায়েলে সরকার বা বিরোধী দলের মধ্যে কোনো বিভাজন নেই এবং ভবিষ্যত কোনো সরকারও ইসরায়েলের এ অবস্থান থেকে নড়বে না।"
ইসরায়েলি প্রধানমন্ত্রীরা ঐতিহ্যগতভাবেই সামরিক পদক্ষেপ কিংবা বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ক্ষেত্রে বিরোধী নেতার সঙ্গে বোঝাপড়া করে নেন। ১৯৮১ সালে ইরাকের পারমাণবিক চুল্লিতে বোমা হামলার সময়ও তা করা হয়েছিল।
সিআইএ'র তথ্যানুসারে সর্বশেষ ২০০৭ সালে সিরিয়ার একটি নির্মাণাধীন পরমাণু চুল্লিতে ইসরায়েলি বিমান হামলার বিষয়েও প্রধানমন্ত্রী ওলমার্ট সবার আগে নেতানিয়াহুর সঙ্গে পরামর্শ করে নিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৫৭ ঘ.
bdnews24