২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় যুদ্ধাঞ্চল থেকে প্রায় ১৪ হাজার লোক পালিয়ে এসেছে

শ্রীলংকায় যুদ্ধাঞ্চল থেকে রোববার এক হাজার চারশ'র বেশি মানুষ পালিয়ে এসেছে। এ নিয়ে গত চারদিনে প্রায় ১৪ হাজার মানুষ ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পেরেছে। সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কলম্বো, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় যুদ্ধাঞ্চল থেকে রোববার এক হাজার চারশ'র বেশি মানুষ পালিয়ে এসেছে। এ নিয়ে গত চারদিনে প্রায় ১৪ হাজার মানুষ ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পেরেছে। সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে। এর আগে, গত শনিবার তামিল টাইগার গেরিলাদের নৌশাখা 'সী টাইগার্সের' একটি অভিযান পরিচালনা ঘাঁটি গুড়িয়ে দিয়ে ১১ গেরিলাকে হত্যার দাবি করে সেনাবাহিনী। শনিবার বিমান হামলা চালিয়ে ওই ঘাঁটিটি দখল করে নেয় সেনারা। এতে এলটিটিই'র নৌ শাখার কমান্ডার নিখোঁজ রয়েছেন বলেও দাবি করেছে সেনাবাহিনী। শ্রীলংকার যুদ্ধাঞ্চল থেকে বেসামরিক লোকজনের পালিয়ে আসা অব্যাহত রয়েছে এবং শুক্রবার একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ সেখান থেকে পালিয়ে এসেছে বলে জানিয়েছে সেনারা। শুধু শুক্রবারেই ৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরে এসেছে বলে জানিয়েছে এক সেনা মুখপাত্র। গেরিলা আর সেনাদের যুদ্ধ এখন উত্তর-পূর্বের জঙ্গলের মাত্র ৬৭ বর্গমাইল এলাকায় কেন্দ্রীভূত হয়ে আছে। সেনাবাহিনী বলছে, তামিল টাইগাররা সেখানে ঘেরাও হয়ে রয়েছে। হাজার হাজার বেসামরিক লোকও আটকা পড়ে আছে সেখানে। শ্রীলংকার সরকারের পাশাপাশি অনেক দেশও বলছে, তামিল টাইগাররা তাদের চলে যেতে না দেওয়ায় তাদের জীবনে ভয়ানক হুমকি সৃষ্টি হয়েছে। তবে গত তিন সপ্তাহে এদের অনেকে যুদ্ধাঞ্চল থেকে বের হয়ে এসেছে। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়ক্কারা শনিবার বলেছেন, "গতকাল ৫,০০০ লোক বেরিয়ে এসেছে।" বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার জানাকা নানায়েক্কারা বলেছেন, কয়েকটি বাঙ্কার, একটি অ্যাপার্টমেন্ট এবং বেশকিছু যোগাযোগ স্যাটেলাইট অ্যান্টেনা আছে এমন একটি কমপ্লেক্সে বোমা মেরেছে জঙ্গি বিমান। প্রাথমিক খবরে একে এলটিটিই নেতা প্রভাকরণের একটি আস্তানা হিসেবে ধরে নেওয়া হলেও পরে তা টাইগারদের নৌ শাখা 'সী টাইগার্সের' একটি অভিযান পরিচালনা ঘাঁটি হিসেবে সনাক্ত করা হয়। একে সী টাইগার্স এর প্রধান সোসাই এর দপ্তর হিসেবেও চিহ্নিত করেছে সেনারা। ওই মুখাপাত্র আরও জানান, "গোয়েন্দা প্রতিবেদনে সোসাই এর অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি এখন নিখোঁজ।" যুদ্ধ শেষ করতে কত দিন লাগবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এর আগে শুক্রবার তিনি বলেন, "আমরা যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করব। আগে সব বেসামরিক লোককে বের হয়ে আসতে দিন, তারপর দেখাবো আমরা কত দ্রুত তা শেষ করতে পারি।" সাহায্য সংস্থাগুলোর মতে, যুদ্ধাঞ্চলে আটকা পড়ে আছে প্রায় আড়াই লাখ মানুষ। তবে শ্রীলংকা সরকারের দাবি আটকে পড়াদের সংখ্যা এর অর্ধেক। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বলেছেন, বেসামারিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করেই সেনা অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ ঘ.