মিউনিখ, জার্মানি, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানুষের কথা শুনতে যুক্তরাষ্ট্রের একজন বিশেষ দূত নিয়োগ করার প্রেসিডেন্ট বারাক ওবামার পদক্ষেপকে 'ইতিবাচক ইঙ্গিত' বলে মনে করছে ইরান। শুক্রবার ইরানি পার্লামেন্টের স্পিকার একথা জানান।
জার্মানির মিউনিখে এক বার্ষিক নিরাপত্তা সম্মেলনে ইরানি পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, তিনি কোনো একজনকে মধ্যপ্রাচ্যে পাঠাবেন মানুষের কথা শোনার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য নয়।"
ইরানের সাবেক শীর্ষ পরমাণু আলোচক এবং প্রভাবশালী রাজনীতিক লারিজানি আরও বলেন, "এই মনোভাব ইতিবাচক ইঙ্গিত।"
কয়েকদিন আগেই সাবেক সিনেটর জর্জ মিশেলকে মধ্যপ্রাচ্য দূত নিয়োগ করেছেন ওবামা। একইসঙ্গে রিচার্ড হলব্র"ককে আফগানিস্তান-পাকিস্তানের বিশেষ দূত নিয়োগ করেন তিনি।
পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশ পরমাণু সংকট নিরসনে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি বারবার নাকচ করে দিলেও নির্বাচনী প্রচারাভিযানের সময় থেকেই দেশটির সঙ্গে সরাসরি আরোচনার কথা বলে আসছেন ওবামা। ক্ষমতাগ্রহণের পরও একথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
লারিজানি বলেন, বুশ প্রশাসনের অনুসৃত নীতির কারণে ভেঙেপড়া সম্পর্কে কিছু সেতু পুনর্নির্মাণ করতে পারে নতুন হোয়াইট হাউজ। তবে তা অবশ্যই হতে হবে "শুভ বোধের ওপর নির্ভর করা বাস্তবসম্মত কৌশলের মাধ্যমে"।
তিনি বলেন, "পুরনো ইঁদুর বিড়াল খেলা বন্ধ করতে হবে"।
তার বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির প্রতি আক্রমণ। একইসঙ্গে তিনি প্রশ্ন উত্থাপন করেন যে ওবামার কথার সুরে যে পরিবর্তন এসেছে তা কি সত্যিই ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমাধানের পথে এগোনোর জন্য কি না।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে চাপ প্রয়োগের উদ্দেশ্যে দেশটির ওপর তিনদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৪৩৫ ঘ.
bdnews24