সিডনি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে বড় ধরনের দাবানলে প্রায় ৪০ টি বাড়ি পুড়ে গেছে। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
আগুনে আরও পুড়ে গেছে ৩ হাজার হেক্টর বনাঞ্চল। তবে দাবানলে জনগণের জান-মালের তেমন বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। টুডায়ে শহরে তিন দমকলকর্মী ও এক নারী সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ায় গ্রীষ্মে প্রায়ই দাবানল হয়ে থাকে। কিন্তু এ বছর রেকর্ড শুষ্ক শীত মৌসুমের কারণে দাবানল মারাত্মক আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার গম ও ভেড়ার খামার এলাকায় স্থানীয় সময় বিকালে দুদফায় বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে টুডায়ে শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। উত্তরের বাদজিঙ্গারা শহরটিও দাবানলের হুমকির মুখে রয়েছে।
রাজ্যের দমকল বিভাগ এবং জরুরি সেবা সংস্থাগুলো ইতোমধ্যেই অন্ততপক্ষে ৩৭ টি বাড়ি পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা জানিয়েছে।
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্যের প্রধানমন্ত্রী কলিন বার্নেট এ দাবানলকে খুবই ধ্বংসাত্মক এবং মারাত্মক বলে বর্ণনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৬ ঘ.
bdnews24