বৈরুত, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের দক্ষিণাঞ্চলে নির্দিষ্ট উচ্চতার নিচ দিয়ে উড়ে যাওয়া চারটি ইসরায়েলি যুদ্ধবিমানকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী গুলিবর্ষণ করেছে লেবানন। মঙ্গলবার লবাননের সেনাবাহিনী একথা জানিয়েছে।
লেবানন ও জাতিসংঘ শান্তিরক্ষীরা জানিয়েছে, এর মধ্য দিয়ে ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ প্রস্তাবনা লঙ্ঘন করেছে। ২০০৬ সালে এ প্রস্তাবনার মাধ্যমে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৩৪ দিন ব্যাপী লড়াইয়ের অবসান হয়।
লেবাননের ওপর দিয়ে প্রায়ই ইসরায়েলি যুদ্ধবিমান উড়ে গেলেও তাতে কখনও গোলাবর্ষণ করা হয় না।
ইসরায়েলের এক মুখপাত্র জানিয়েছেন, তিনি এ ঘটনার খবরটি খতিয়ে দেখছেন।
২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় বৈরুতের উপকণ্ঠে হিজবুজল্লাহ নিয়ন্ত্রিত অঞ্চল এবং দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি গ্রাম ও শহর বিধ্বস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৩৫ ঘ.
bdnews24