কাবুল, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার একটি স্কেটপার্ক খোলা হয়েছে। দেশটিতে প্রথম এ ধরনের পার্কটিতে ধনী ও দরিদ্র শ্রেণীর শিশুরা একত্রে স্কেট করতে পারবে।
কাবুলে দুই বছর আগে দুই অস্ট্রেলীয় তিনটি স্কেটবোর্ড নিয়ে ছোট একদল বাচ্চাকে নিয়ে প্রাথমিকভাবে স্কেট শেখানো শুরু করেন।
বর্তমানে এখানে বিভিন্ন সামাজিক অবস্থানের বেশ কয়েকটি ছেলেমেয়ে স্কেট করা শিখছে। এ পার্কে স্কেটের পাশাপাশি শিশুদের মৌলিক শিক্ষা যেমন অক্ষর জ্ঞান এবং গাণিতিক শিক্ষাও দেওয়া হবে।
পার্কটি গড়ে উঠতে সহায়তা করেছেন আফগান প্রেসেিডন্ট হামিদ কারজাইয়ের ভাষণ লেখক ফ্রাইদুন ইলহাম। তিনি বলেন, "এক বছর আগে এ জায়গাটি খালি ছিল এবং এখানে শুধু কুকুর ঘুরে বেড়াতো।"
বিশ্বের কট্টর দেশগুলোর একটি আফগানিস্তানে স্কেট শেখার একটি স্কুল গড়ে ওঠায় এর প্রতিষ্ঠাতাদের একজন জানান, এর মাধ্যমে আফগান শিশুদের সীমাবদ্ধতা কিছুটা কেটে যাওয়ারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে মেয়ে শিশুদের।
আফগানিস্তানে ফুটবল খেলা চালু থাকলেও তা শুধু পুরুষরাই খেলে থাকে। স্কেটের মাধ্যমে নারীরাও খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
স্কেট শিখতে আসা ১০ বছরের মাহরো বলেন, "আমি আমার শিক্ষকের মতো একজন পেশাদার স্কেটার হতে চাই এবং অন্য শিশুদেরও শেখাতে চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৫৩ ঘ.
bdnews24