উরুমচি, চীন, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে চোরাচালানকৃত হেরোইনসহ ধরা পড়া এক ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে সংঘাতে জড়িয়েছে দু'দেশ। (আরও তথ্যসহ)
ব্রিটেন এর বিরুদ্ধে অভিযোগ তুলে এ ঘটনার চরম নিন্দা জানিয়েছে। অন্যদিকে, চীনও ব্রিটেনের অভিযোগের কড়া নিন্দা জানিয়ে তাদের বিচার ব্যবস্থার পক্ষে অটল অবস্থান নিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন মঙ্গলবার বলেছেন, তিনি এ ঘটনায় 'মর্মাহত'। আকমল শেখ নামের ওই ব্যক্তির পরিবার তাকে মানসিকভাবে অসুস্থ দাবি করে আসছিল।
আকমল শেখের পরিবার তাকে ক্ষমা করার আবেদন জানিয়ে বলেছিল, সাবেক ব্যবসায়ী আকমল বাইপোলার ডিসঅর্ডার অর্থাৎ ম্যানিক ডিপ্রেসনে ভুগছিলেন।
চীনের সুপ্রিম কোর্ট এ দাবি যথার্থ নয় এবং আকমলের মানসিক অসুস্থতার পর্যাপ্ত প্রমাণ নেই উল্লেখ করে আবেদনটি প্রত্যাখ্যান করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আকমলকে সব ধরনের আইনি অধিকার দেওয়া হয়েছে।
ব্রাউন কঠোর ভাষায় মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়েছেন। এতে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক বিবৃতিতে তিনি বলেন, "আমি তীব্র ভাষায় আকমল শেখের মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানাাচ্ছি। এবং এ ঘটনায় আমি হতাশ ও মর্মাহত কারণ তাকে ক্ষমা করতে আমাদের অনুরোধ রাখা হয়নি।"
"আমি বিশেষ করে হতাশ এ কারণে যে তার মানসিক স্বাস্থ্যের পরিমাপ করা হয়নি।"
কিন্তু ব্রাউনের এ অভিযোগ উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকরের পক্ষে অটল রয়েছে চীন।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইয়ু কড়া প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছেন, "চীনের বিচার ব্যবস্থার স্বার্বভৌমত্ব নিয়ে কটুকথা বলার অধিকার কারও নেই। আমরা ব্রিটেনের ভিত্তিহীন অভিযোগের কট্টর বিরোধী এবং চরমভাবে অসন্তষ্ট।"
ব্রিটিশ প্রধানমন্ত্রী বিবৃতি দেওয়ার সময়ও চীন প্রকাশ্যে আকমলের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি ঘোষণা করেনি। চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে মঙ্গলবার এ দণ্ড কার্যকর করার কথা চীনা কর্তৃপক্ষ ব্রিটেনকে জানিয়েছে বলে জানান ব্রিটিশ পরারাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
আকমলকে ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন বার্তা সংস্থা সিনহুয়া। তার পরিবার এ ঘটনায় হতবাক এবং হতাশ হয়েছে। তারা আকমলের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে চীনের অবস্থানের সমালোচনা করেছে।
গত অর্ধশতাব্দীতে চীনে কোনও ইউরোপীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটিই প্রথম। মাদক পাচারের অভিযোগে মঙ্গলবার চীন আকমল শেখের মৃত্যুদণ্ড কার্যকর করে।
আকমলের আত্মীয়স্বজন ও পরিচিতজনদের দাবি, মানসিকভাবে অসুস্থ শেখকে ধোঁকা দিয়ে মাদক পাচারের কাজ করানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৭৪৪ ঘ.
bdnews24