মোগাদিসু, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালি জলদস্যুরা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজকে মুক্তি দেওয়ার একইদিনে ব্রিটিশ পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাংকার ছিনতাই করেছে। জলদস্যুরা এবং সমুদ্রপথ পর্যবেক্ষণকারী কর্মকর্তারা মঙ্গলবার এতথ্য জানিয়েছে।
এডেন উপসাগরে নতুন করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটল।
জলদস্যুরা রয়টার্সকে বলেছে, তারা সিঙ্গাপুরের জাহাজ কোটা ওয়াজারের জন্য মুক্তিপণ পাওয়ার পর সোমবার ত্র"ুসহ সেটি ছেড়ে দিয়েছে। সোমালিয়ার উপকূলে অদূরে টহলরত ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাভাল ফোর্স এ খবর নিশ্চিত করেছে।
জলদস্যু মোহাম্মদ রয়টার্সকে বলেছেন, "আমরা চার মিলিয়ন ডলার মুক্তিপণ পাওয়ার পর ২১ ক্রুসহ গতকাল সিঙ্গাপুরের জাহাজাটিকে মুক্তি দিয়েছি।"
এদিকে, কেনিয়াভিত্তিক ইস্ট আফ্রিকা সি ফেয়ারার্স এসোসিয়েশন মঙ্গলবার বলেছে, জলদস্যুরা গতকাল ব্রিটিশ পতাকাবাহী রাসায়নিক বহনকারী ট্যাংকার সেইন্ট জেমস পার্ক ছিনতাই করেছে এবং গতিপথ পরিবর্তন করে জাহাজটি এখন সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।
সোমবার রাতের দিকে সোমালি জলদস্যুরা রয়টার্সকে নতুন একটি জাহাজ ছিনতাইয়ের কথা জানালেও বিস্তারিত বলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০১ ঘ.
bdnews24