২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে নতুন ইহুদি বাড়ি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

জেরুজালেম এলাকার অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের জন্য নতুন প্রায় ৭০০ টি বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

জেরুজালেম, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জেরুজালেম এলাকার অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের জন্য নতুন প্রায় ৭০০ টি বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। এর আগে আরব পূর্ব জেরুজালেম ও এর চারপাশে ইসরায়েলের ইহুদি বাড়ি নির্মাণের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র বিরক্তি প্রকাশ করেছে। ফিলিস্তিনিরা এ অঞ্চলকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী করতে চায়। নতুন পরিকল্পনার আওতায় ইসরায়েলের গৃহায়ণ মন্ত্রণালয় জেরুজালেমের কাছে পিসগাট জিভ ইহুদি বসতিতে ১৯৮ টি হাউজিং ইউনিট, নেভে ইয়াকভ বসতিতে ৩৭৭ টি বাড়ি এবং হার হোমায় ১১৭ টি বসতবাড়ি নির্মাণের জন্য ঠিকাদারদের বায়না দিয়েছে। ইসরায়েলে কয়েক হাজার নতুন বাড়ি নির্মাণের জন্য সরকারের বৃহত্তর প্রকল্পের আওতাতেই জেরুজালেমে ওই বাড়ি নির্মাণ পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে ফিলিস্তিনিদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল গোটা জেরুজালেমকেই তাদের অবিভক্ত রাজধানী ঘোষণা করেছে। তবে তাদের এ দাবি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত নভেম্বরে ইহুদি বসতিস্থাপন ১০ মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে শান্তি আলোচনা নতুন করে শুরুর জন্য ইসরায়েলকে বসতিস্থাপন পুরোপুরি বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ ঘ.