লন্ডন, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু কর্মসূচিতে সহায়তা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার 'হাত বাড়ানোর' প্রস্তাব নিয়ে উপহাস করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। বুধবার ব্রিটেনের চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওবামা কোন হাত বাড়াবেন, ডান না বাঁ হাত।
আহমাদিনেজাদ বলেন, মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকে হতাশ করেছেন।
সাক্ষাৎকারে তিনি জাতিসংঘের প্রণীত খসড়া জ্বালানি চুক্তি এ বছরের মধ্যে মেনে নেওয়ার সময়সীমাকে 'অর্থহীন' বলে আবারও নাকচ করে দিয়েছেন। এ চুক্তিতে ইরানের কমসমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে সমৃদ্ধ করে আনার মাধ্যমে তেহরানের একটি গবেষণা চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে।
সময়সীমা মেনে নেওয়া না হলে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
আহমাদিনেজাদ বলেন, "তারা আমাদের জ্বালানি দেওয়ার বিষয়ে শর্তারোপ করেছে...এসব রাজনৈতিক শর্ত...জ্বালানি বিনিময় একটি কারিগরি দিক। এ ধরনের বিষয়ের জন্য কেউ কখনও সময়সীমা বেঁধে দিয়েছে বলে আমি শুনিনি। এটা অর্থহীন।"
ইরান পরমাণু বোমা তৈরির আকাক্সক্ষায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমা বিশ্ব ধারণা করে আসছে। তবে ইরান তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্যই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যাতে ইরান আরও গ্যাস ও তেল রপ্তানি করতে পারে।
আহমাদিনেজাদ বলেন, "আমার মনে হয় পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা একটি পুরনো বিষয়ে পরিণত হয়েছে। এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে গল্প বলছে তা টিভি সিরিয়ালে রূপান্তরিত হয়েছে।"
ইরানের মতো দেশগুলো শান্তিপূর্ণ সম্পর্কে আসতে চাইলে যুক্তরাষ্ট্র তাদের দিকে হাত বাড়িয়ে দেবে- এ বছরের গোড়ার দিকে করা ওবামার এ বক্তব্য বাতিল করে দেন আহমাদিনেজাদ।
ইরানের প্রেসিডেন্ট বলেন, "তিনি কোন হাত বাড়াবেন? ডান নাকি বাম হাত?"
তিনি আরও বলেন, "সত্যিকার অর্থে কে ইরানের প্রতি হাত বাড়িয়েছে? তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হাত বাড়িয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৪৭ ঘ.
bdnews24