ওয়াশিংটন, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত শনিবার হাওয়াই থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা কর্মকর্তারা।
বড় দিনের ছুটি কাটাতে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলের হাওয়াই যাওয়ার কয়েক দিন আগে ১৯ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয় বলে আদালতে উপস্থাপিত নথিপত্র থেকে জানা যায়।
ক্রিস্টি লি রোশিয়া নামের ওই নারীকে কানেহো থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর তিনি এক গোয়েন্দা কর্মকর্তাকে আঘাত করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে মার্কিন প্রেসিডেন্টের হাওয়াইয়ের হোনোলুলুর উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
এদিকে মানসিক স্বাস্থ্যের পরীক্ষা না করা পর্যন্ত জিজ্ঞাসাবাদ বন্ধ রেখে ক্রিস্টিকে নিরাপত্তা হেফাজতে রাখতে বুধবার নির্দেশ দিয়েছে আদালত।
নথিপত্র থেকে জানা যায়, গত ১০ নভেম্বর বোস্টনে গোয়েন্দা কার্যালয়ে ফোন করে ক্রিস্টি ওই হুমকি দেয়। আর আটকের পর জিজ্ঞাসাবাদে সে একজন গোয়েন্দা কর্মকর্তা ও মেরিন সেনাদের হত্যার হুমকিও দেয়।
গোয়েন্দা কার্যালয়ে পাঠানো চিঠির সূত্র ধরে গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন যে ক্রিস্টি হাওয়াইয়ে অবস্থিত মেরিন কাছাকাছি বসবাস করেন।
গোয়েন্দা সংস্থার সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর গোয়েন্দা কর্মকর্তাদের দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টি জানান, 'ওবামাকে রক্ষা' করতে সেপ্টেম্বর মাসে তিনি হাওয়াইয়ে যান।
সূত্র আরও জানায়, ২০০৪ সালে ক্রিস্টি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করে এবং ২০০৭ সাল থেকে সে অসংখ্যবার (কখনও কখনও দিনে ৫-১০বার) বোস্টনের কার্যালয়ে টেলিফোন করেছে।
বিডিনিঋজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমএইচবি/১৫০০ ঘ.
bdnews24