ওয়াশিংটন, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার বলেছেন কোপেনহেগের জলবায়ু সম্মেলনের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ যুক্তিসঙ্গত।
পিবিএস নিউজআওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, "কোপেনহেগেরে জলবায়ু সম্মেলনের ফলাফলে লোকজনের হতাশা প্রকাশ যুক্তিসঙ্গত বলেই আমার মনে হচ্ছে।"
"আমি যা বলছি তা হচ্ছে, কোপেনহেগেন আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়েছে, সেখান থেকে কিছুই পাওয়া যায়নি- এভাবে দেখলে তা হবে বড়ধরনের পশ্চাৎমুখী মনোভাব। আর কিছু না হোক, আমরা অবস্থান থেকে খুব একট পিছিয়ে পড়িনি এবং পরবর্তীতে আলোচনার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হয়েছে।"
সম্মেলনে ওবামার মধ্যস্থতায় শেষপর্যন্ত যে চুক্তি হয় তাকে পরিবেশের জন্য এক 'বিপর্যয়' আখ্যা দিয়েছে সুইডেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সম্মেলন দেখেছেন মোটের ওপর ব্যর্থ ও নৈরাজ্যকর হিসেবে। উন্নয়নশীল অনেক দেশ ও পরিবেশ আন্দোলনকারীরা সম্মেলনের ফলাফলের তীব্র সমালোচনা করেছেন।
বিভিন্ন দেশের কার্বন নির্গমন কমানোর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ ছাড়াই সম্মেলন শেষ হয়। সুদীর্ঘ আলোচনার পরও ধনী ও উন্নয়নশীল দেশগুলোর তীব্য মতানৈক্যের ফলে বাধ্যতামূলকভাবে মেনে চলার কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। তবে কেউ কেউ এর জন্য এককভাবে চীনকে দায়ী করে আসছে।
ব্রিটিশ পরিবেশমন্ত্রী এড মিলিব্যান্ড 'দ্য গার্ডিয়ান' এ এক নিবন্ধে জানান, সম্মেলনে চুক্তির প্রচেষ্টাকে চীন 'হাইজ্যাক' করেছে। চীন এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ব্রিটেন উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
ওবামা কারও দিকে অঙ্গুলি নির্দেশ না করলেও বলেছেন, সম্মেলনে তার ব্যক্তিগত হস্তক্ষেপের আগেই চীন আলোচনা এড়িয়ে যায়।
তিনি বলেন, "একপর্যায়ে আলোচনা পুরোপুরি ভেঙে পড়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিলেন, চীনা প্রতিনিধিরা আলোচনা এড়িয়ে চলছিলেন, অন্যরা সবাই হইচই জুড়ে দিয়েছিল, তখন মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কী করার ছিল।"
তিনি আরও বলেন, "আইন করে না হলেও কার্বন নিগর্মনের বিষয়ে আমরা একটা মতৈক্য পৌঁছাতে পেরেছি। এটা শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য নয় চীন ও ভারতের জন্য কার্বন নির্গমনের একটা মাত্রা ঠিক করতে পেরেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৩৮ ঘ.
bdnews24