ফোর্ট কোলিনস, কলোরাডো, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের 'বেলুন বয়' এর বাবাকে বুধবার ৯০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার স্ত্রী ও তাকে বেশ কয়েক হাজার ডলারও জরিমানা করা হয়েছে।
ওই দম্পতি গত ১৫ অক্টোবর পুলিশসহ জরুরি বিভাগকে জানায়, তাদের ছয় বছরের ছেলে ফ্যালকন ঘরে তৈরি একটি বেলুনে করে উড়ে গেছে। এ খবরে যুক্তরাষ্ট্রে সারা পড়ে যায়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক স্থানের মানুষ টেলিভিশনে সরাসরি উদ্ধারকর্মীদের শিশুটিকে রক্ষার জন্য বেলুনটিকে তাড়া করার দৃশ্য রুদ্ধশ্বাসে প্রত্যক্ষ করতে থাকে। বেলুনটি একটি মাঠে নামার পর সেটি শূন্য পাওয়া যায় এবং ফ্যালকনকে বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার করা হয়।
যুক্তরাষ্টের মানুষ পরে হতভম্ব হয় এটা জেনে যে পুরো ঘটনাটি ছিল সাজানো, গণমাধ্যমের প্রচার পাওয়ার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তার বাবা-মা ফ্যালকনকে লুকিয়ে রেখে এ কাণ্ড করেছে।
মার্কিন আদালত বেলুন নাটকের মূলপরিকল্পনাকারী হিসেবে ফ্যালকনের বাবা রিচার্ড হেনিকে যে শাস্তি দিয়েছে তারমধ্যে কমপক্ষে ৩০ দিন তাকে কারাগারে কাটাতে হবে, বাকিটা তিনি কাজের মাধ্যমে পরিশোধ করবেন। আর আদালত তার স্ত্রী মাইয়ুমিকে জেলের বদলে ২০ দিন জনসেবামূলক কাজে অংশ নেওয়ার আদেশ দিয়েছে।
এছাড়া স্থগিত দণ্ডাদেশ মাথায় নিয়ে আরও চার বছর কাটাতে হবে কলোরাডোর এই দম্পতিকে। এ সময়ে বাধ্যতামূলকভাবে তাদের আরও শত শত ঘণ্টা জনসেবামূলক কাজে অংশ নিতে হবে এবং বেলুন নাটকের ওপর কোনো বই লিখে বা গণমাধ্যম থেকে এ বিষয়ে কোনো অর্থ উপার্জন করা যাবে না।
কারাদণ্ড প্রদানের আগে আইনজীবীরা বেলুন বয়কে উদ্ধার তৎপরতায় যে পরিমাণ খরচ হয়েছে তা তুলে ধরেন। এতে দেখা যায় সাজানো ওই নাটকের জন্য কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষের ১১ হাজার ডলার ছাড়াও সরকারের বিভিন্ন সংস্থার মোট ৪৭ হাজার ডলার ব্যয় হয়েছে।
আদালত তাদের এই পরিমাণ অর্থও জরিমানা করেছে।
সাজা ঘোষণার আগে বেলুন বয়ের বাবা বলেন, "আমি বলতে চাই যে আমি খুবই দুঃখিত এবং সব উদ্ধারকর্মী এবং এ ঘটনার সঙ্গে যারা জড়িত সবার কাছে ক্ষমা প্রার্থী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪০০ ঘ.
bdnews24