করাচি, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান সরকার আটক ১ শ' ভারতীয় জেলেকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মুক্তির নির্দেশ দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একথা জানানো হয়েছে।
অবৈধভাবে পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক করা হয়।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন গত বছর নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে জঙ্গি হামলা চালালে দু'দেশের সম্পর্কে নতুন করে টানপোড়ন সৃষ্টি হয়।
এর পরপরই পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয় ভারত। তবে ওই আলোচনা পুনরায় শুরুর কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলে থাকেন এ ধরনের আরেকটি হামলা হলে দু'দেশকে প্রত্যক্ষ সংঘর্ষ থেকে ঠেকানো সম্ভব হবে না।
ভারত ও পাকিস্তান প্রায়ই নিজেদের জলসীমায় ঢুকে পড়া প্রতিবেশী দেশের জেলেদের আটক করে থাকে। আবার বন্ধুত্বের মনোভাব দেখিয়ে মুক্তিও দেয়।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, "মানবিক দৃষ্টিকোণ থেকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি পাকিস্তানের কারাগারে আটক ১ শ' ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।"
করাচি কারাগারের এক কর্মকর্তা জানান, ১ শ' জেলের মধ্যে নয়টি শিশুও রয়েছে।
করাচির মালির কারাগারের সহকারি তত্ত্বাবধায়ক শাহাব সিদ্দিকি বলেন, " সরকারের নির্দেশ অনুসারে আটক ৬১৮ জনের মধ্যে ১ শ' জন জেলের মুক্তির প্রস্তুতি নিয়েছি আমরা।"
গিলানির কার্যালয় থেকে জানান হয়েছে, বৃহস্পতিবার তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬১৩ ঘ.
bdnews24