ওয়াশিংটন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আমেরিকান এয়ারলাইনসের একটি বিমান মঙ্গলবার রাতে জ্যামাইকার কিংসটন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বের হয়ে গেলে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। স্থানীয় একটি সংবাদপত্র এ তথ্য জানিয়েছে।
জ্যামাইকার তথ্যমন্ত্রী ডেরিল ভ্যাজ সংবাদপত্র জ্যামাইকা অবজারভারকে বলেন, "আহত যাত্রীদের কিংসটন পাবলিক হাসপাতালে নেওয়া হয়েছে। কেউ নিহত হয়নি।"
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) রয়টার্সকে জানিয়েছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩৩১ মায়ামি থেকে এসেছিল।
স্থানীয় সংবাদের বরাত দিয়ে ফক্স নিউজ তাদের ওয়েব সাইটে জানায়, এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমানটি কিংসটন বিমান বন্দরে অবতরণের সময় ভেঙে দু'টুকরো হয়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে।
জ্যামাইকা অবজারভার জানায়, বৃষ্টির মধ্যে স্থানীয় সময় রাত ১০টায় বিমানটি অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে বের হয়ে যায়।
কিংসটন বিমানবন্দর পরিচালনা সমন্বয়কারী ওমর লরেন্সের বরাত দিয়ে সিএনএন ডটকম জানায়, বিমানটিতে ১৪৫ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৫২ ঘ.
bdnews24