ওয়াশিংটন, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আমেরিকান এয়ারলাইনসের একটি বিমান মঙ্গলবার রাতে জ্যামাইকার কিংসটন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে দু'টুকরো হয়ে গেছে। ফক্স নিউজের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিক প্রতিবেদনে তা জানানো না হলেও বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে এবং কয়েকজন হাসপাতালে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমানটি কিংসটন বিমান বন্দরে অবতরণের সময় দুর্ঘটনা ঘটে।
সংস্থাটির এক মুখপাত্র রয়টার্সকে জানান, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩৩১ মায়ামি থেকে এসেছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৪১ ঘ.
bdnews24