২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তির খসড়া 'ত্রুটিপূর্ণ': জি-৭৭ চেয়ারম্যান

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২৮ টি দেশ চুক্তির যে খসড়া তৈরি করেছে তাকে 'ত্রুটিপূর্ণ' বলে অভিহিত করেছেন দরিদ্র দেশগুলোর গ্রুপ জি-৭৭ এর চেয়ারম্যান লুমুম্বা ডি আপিং। কোপেনহেগেন থেকে মারুফ মল্লিকের প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 06:33 AM

Updated : 26 Aug 2022, 12:30 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, পরিবেশ প্রতিবেদক কোপেনহেগেন থেকে কোপেনহেগেন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ২৮ টি দেশ চুক্তির যে খসড়া তৈরি করেছে তাকে 'ত্রুটিপূর্ণ' বলে অভিহিত করেছেন দরিদ্র দেশগুলোর গ্রুপ জি-৭৭ এর চেয়ারম্যান লুমুম্বা ডি আপিং। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি সমঝোতার কথা ঘোষণার কয়েক ঘন্টা পর বাংলাদেশ সময় শনিবার ভোর সোয়া ছয়টার দিকে কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে লুমুম্বা বলেন, "আজ চরম লংঘনের ঘটনা ঘটলো। যা গরিবদের বিরুদ্ধে, স্বচ্ছতার ঐতিহ্যের পরিপন্থী। সুদান কখনো এমন কোন চুক্তিতে সই করবে না যা আফ্রিকাকে ধ্বংস করে দেবে। এই চুক্তি গরিব দেশগুলোকে আরও খারাপ পরিস্থিতিতে ফেলবে।" তিনি আরও বলেন, "কারণ, চুক্তির খসড়াটি আস্বাভাবিকভাবে ত্রুটিপূর্ণ। আজ কী ঘটছে? আমরা যেমনটা সন্দেহ করে আসছিলাম যে ডেনিশ সরকার এবং বিশ্বের অন্যান্য দেশের সহায়তায় যুক্তরাষ্ট্র একটি চুক্তি চাপিয়ে দেবে। এটা জাতিসংঘের ঐতিহ্যের চরম লংঘন। চুক্তি কারো উপর চাপিয়ে দেওয়া যায় না। কোনো নির্দেশনামূলক কাঠামো, গণতন্ত্র, স্বচ্ছতা এবং স্বাধীন রাষ্ট্রের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই।" "কারণ ২৮ টি দেশ বাকিদের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছে।" চুক্তির খসড়ার ত্র"টি সম্পর্কে জি-৭৭ চেয়ারম্যান বলেন, প্রথম ত্রুটি হলো গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার বিষয়টি। এটা করা হলে আফ্রিকা এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। এই খসড়ায় গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা খুব উচ্চাকাঙ্খী নয়, নিম্ন পর্যায়ের। এই খসড়া চুক্তি গরিব দেশগুলোকে চিরকালের জন্য দারিদ্র্যের দুষ্টচক্রে আবদ্ধ করবে। তিনি আরও বলেন, "এই চুক্তি এখন পর্যন্ত একটি আইডিয়া মাত্র। কোন একটি দেশ বা পক্ষ যদি তাতে দ্বিমত পোষণ করলে চুক্তি হবে না। অনেক দেশ ইতিমধ্যেই জি-৭৭ এই চুক্তির খসড়া প্রত্যাখান করবে কিনা জানতে চাইলে লুমুম্বা বলেন, "আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। জি-৭৭ সদস্য দেশগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তির কপি পৌঁছায়নি। "এখন পর্যন্ত যারা এই খসড়া গ্রহণ করেছে তারা হলো যুক্তরাষ্ট্র, ইইউ এবং বেসিক। আজই খেলার শেষ নয়। আমরা বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সবকিছু সংশোধনের সুযোগ এখনো রয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এইচএ/০৯৫০ ঘ.