কোপেনহেগেন, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু আলোচনা থেকে বাধ্যবাধকতামূলক কোনো চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। জলবায়ু আলোচনায় অংশ নেওয়া চীনা এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে চলমান এ আলোচনায় বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা জড়ো হয়েছেন। এ আলোচনা থেকে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে শুক্রবার নতুন একটি চুক্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই চীনা কর্মকর্তা রয়টার্সকে জানান, চীন চাচ্ছে এ বিষয়ে কোনো না কোনো ধরনের রাজনৈতিক ঘোষণা আসুক। তবে ঘোষণাটি ঠিক কেমন হওয়া হওয়া উচিত তা পরিষ্কার করে বলেননি তিনি।
কর্মকর্তাটি আরও জানান, চুক্তির বিষয়ে অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টায় আলোচনা চলছে। তবে চীনের জন্য মূল বিষয় হচ্ছে কীভাবে তা করা হয় সে বিষয়টি।
ওদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালের মধ্যে এমন একটি চুক্তি তিনি প্রত্যাশা করছেন যার ফলে দেশগুলো গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমাতে বাধ্য হবে।
সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজন মন্ত্রী জানিয়েছেন, আলোচনার ধীরগতির ফলে এটা ব্যর্থতায় পর্যবশিত হওয়ার দিকে ধাবিত হচ্ছে।
ব্রিটেনের জ্বালানি ও পরিবেশমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, "মনে হয় না এখানে আমরা কোনো চুক্তিতে যেতে পারব। ব্যর্থ হওয়া খুবই সম্ভব। তবে আমরা চেষ্টা করতে পারি।"
তিনি আরও বলেন, "এই মুহূর্তে সমস্যা হচ্ছে আমরা চেষ্টাও করছি না।"
গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কোন দেশ কী পরিমাণে, কতটুকু কমাবে; দরিদ্র দেশগুলোর বিশ্ব উষ্ণায়নের সঙ্গে অভিযোজিত ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে পরিবর্তিত হওয়ার তহবিলে কার বরাদ্দ কতটুকু হবে এ নিয়ে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তীব্র মতানৈক্য চলছে।
সম্মেলনে আফ্রিকার দেশগুলো নাটকীয়ভাবে ধনী দেশগুলোর কাছে বেশি পরিমাণ অর্থ বরাদ্দের দাবি থেকে পিছিয়ে এসেছে। ওদিকে, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে দরিদ্র দেশগুলোকে জাপান ২০১২ সালের মধ্যে ১১ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২৪৬ ঘ.
bdnews24