লন্ডন ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইরাকে গণবিধ্বংসী অস্ত্র কখনও পাওয়া না গেলেও প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করাটা সঠিক পদক্ষেপ ছিল। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এমনটিই মনে করেন।
সাদ্দামের হাতে কোনও গণবিধ্বংসী অস্ত্র নেই, একথা জানলে তিনি ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনে যোগ দিতেন কিনা--- এ প্রশ্নের জবাবে বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লেয়ার বলেন, "আমি এখনও বলব তাকে অপসারণ করাটা ঠিক ছিল।"
ব্লেয়ার আরও বলেন, সাদ্দাম যে এ অঞ্চলের জন্য হুমকি সে ব্যাপারে তিনি বদ্ধপরিকর ছিলেন। সাদ্দামের এই হুমকি হয়ে ওঠার ক্ষেত্রে গণবিধ্বংসী অস্ত্র উন্নয়ন অবশ্যই একটি বিষয় ছিল।
আর অন্যান্য বিষয়ের মধ্যে ছিল ১২ বছর ধরে সাদ্দামের জাতিসংঘ অস্ত্র পরিদর্শন বন্ধ রাখা এবং নিজ দেশের লোকজনের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা। সুতরাং, তাকে এ অঞ্চলের জন্য হুমকি বলেই বিশ্বাস করেছি আমি।
ব্লেয়ার বলেন, কিছু লোক যে তার সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং ইরাকে নিহত হওয়া ব্রিটিশ সেনাদের পরিবার ক্ষুব্ধ হয়েছে সেটি তিনি বুঝেছেন।
তিনি বলেন, সত্যিকার অর্থেই যুক্তিসঙ্গত কারণে যারা ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন এবং এখনও করছেন তাদের আমি সহমর্মিতা জানাই। কিন্তু আমার জন্য আপনারা জানেন শেষ পর্যন্ত আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।
যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে খ্রিস্টান ধর্মীয় বিশ্বাসের কোনও ভূমিকা ছিল কিনা জিজ্ঞেস করা হলে ব্লেয়ার বলেন, "আমার ধর্মীয় বিশ্বাস আমার সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলেছে মানুষ কখনও কখনও এম সনে করলেও আসলে তা নয়। আমি মনে করি একজন যেটাকে সঠিক বলে মনে করে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। কারণ এটিই তা করার একমাত্র পথ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24