পাকিস্তান ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে এ সপ্তাহে গ্রেপ্তার হওয়া পাঁচ মার্কিনি জিহাদে যোগ দিতে চেয়েছিল। তাদের সঙ্গে ইন্টারনেটে জঙ্গিদের যোগাযোগও ছিল। পাকিস্তানের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, পাঞ্জাব প্রদেশের সারগোদা থেকে মঙ্গলবার ওই পাঁচ মার্কিনিকে গ্রেপ্তার করা হয়। তারা ভার্জিনিয়ার উত্তরাঞ্চল থেকে এসেছে। তাদের সঙ্গে তালেবান ও আল কায়েদা জঙ্গিদের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সারগোদার পুলিশ প্রধান ওসমান আনোয়ার সাংবাদিকদের বলেন, "আমরা দেড়দিন ধরে তাদেরকে পর্যবেক্ষণ করেছি এবং তারপর গ্রেপ্তার করেছি।"
তিনি আরও বলেন, "তাদের কাছে থাকা ল্যাপটপ ও অন্যান্য জিনিসও আমরা জব্দ করেছি। পরে আমরা জানতে পেরেছি তারা জিহাদে যোগ দেওয়ার মানসে এখানে এসেছে।"
এ ঘটনায় মুসলিম দেশগুলোর অভিবাসীদের সন্তানরা সহিংস মুসলিম জঙ্গিবাদে ঝুঁকছে এ আশঙ্কা বাড়তে পারে পশ্চিমা দেশগুলোতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৯ ঘ.
bdnews24