অসেলো, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার নরওয়ের রাজধানী অসলোয় নোবেল শান্তি পদক গ্রহণ করেছেন। (আরও তথ্যসহ)
১৮ ক্যারেট সোনার তৈরি মেডেলের সঙ্গে সঙ্গে ওবামা পেয়েছেন ডিপ্লোমা এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১ দশমিক ৪১ মিলিয়ন ডলার)। এ অর্থ তিনি দাতব্য সংস্থাকে দেবেন বলে জানিয়েছেন।
পুরস্কার নেওয়ার পরপরই যুদ্ধের যৌক্তিকতা নিরূপণের চেষ্টা নেন ওবামা। তিনি বলেন, আল কায়দা মোকাবেলার ক্ষেত্রে কিংবা মানবিক দিক বিবেচনায় অনেক সময় সামরিক শক্তি ব্যবহার করাটা ন্যায়সঙ্গত। কারণ, আলোচনা করে কখনও আল কায়েদাকে অস্ত্রসমর্পণে রাজি করানো যাবে না।
পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের ভাষণে ওবামা বলেন, "আমাদের জীবদ্দশায়" সহিংস সংঘর্ষ দূর করা যাবে না। এমন সময় আসবে যখন বিভিন্ন দেশের ন্যায়যুদ্ধে নামাটা প্রয়োজন হয়ে পড়বে। আর তিনিও তখন আমেরিকার জনগণকে হুমকির মুখে রেখে হাত-পা গুটিয়ে বসে থাকবেন না।
ওবামা বলেন, "যখন শক্তি ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে তখন নৈতিক ও কৌশলগত স্বার্থে আমরা নির্দিষ্ট একটি আচরণ করতে বাধ্য হয়ে পড়ি। আর যারা কোনও নিয়ম নীতিই মানে না এমন দুর্ধর্ষ প্রতিপক্ষের সঙ্গে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়লে সেক্ষেত্রেও আমি মনে করি যুক্তরাষ্ট্র অবশ্যই আইন মেনে চলবে।"
ওবামা আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার মতো কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এক্ষেত্রে তিনি ইরান ও উত্তর কোরিয়ার কথা উল্লেখ করেন।
'আন্তর্জাতিক কূটনীতি জোরদার এবং মানুষে মানুষে সহযোগিতা বাড়াতে' অসামান্য অবদান রাখার জন্য নোবেল কমিটি অক্টোবরে ওবামাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ ঘ.
bdnews24