পেরুগিয়া, ইতালি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রুমমেটকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী আমান্ডা নক্স (২২) কে ২৬ বছর কারাদণ্ড দিয়েছে ইতালির একটি আদালত।
ব্রিটিশ শিক্ষার্থী মেরেডিথ কেরচারকে (২১) যৌন নিপীড়ন ও হত্যার দায়ে ১১ মাস ধরে শুনানি শেষে শনিবার এ রায় হয়। একই অভিযোগে নক্সের ইতালীয় সাবেক প্রেমিক রাফায়েল সোলেসিটোকে ২৫ বছর কারাদণ্ড হয়েছে।
বিচারক রায় পড়ে শোনানোর সময় কান্নায় ভেঙে পড়ে নিজের আইনজীবীকে জড়িয়ে ধরেন নক্স। এ সময় ইউরোপ ও আমেরিকা থেকে আসা অনেক সাংবাদিক আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
নক্স এবং তার আইনজীবীরা জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
আদালত কক্ষের সিঁড়িতে নক্সের আইনজীবী লুসিয়ানে গির্গা সাংবাদিকদের বলেন, "সাক্ষ্য প্রমাণের দুর্বলতা ও অপরাধের গুরুত্বের মধ্যে কিছু বৈপরীত্য রয়েছে।"
রায়ের বিরুদ্ধে লড়ে যাবেন কিনা জানতে চাইলে নক্সের বাবা কার্ট জানান, "হ্যাঁ"।
বৃহস্পতিবার আদালতের শেষ শুনানিতে নক্স এবং সোলেসিটো দুজনেই নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে নক্সকে শাস্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলের এ শিক্ষার্থী ও ব্রিটিশ শিক্ষার্থী কেরচার একই অ্যাপার্টমেন্টে থাকতেন। ১১ মাস আগে কেরচারকে নিজ অ্যাপার্টমেন্টে অর্ধ নগ্ন অবস্থায় মৃত পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৪১৬ ঘ.
bdnews24