২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিনসেনা বৃদ্ধি নিয়ে শঙ্কায় পাকিস্তান

আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সেনা বাড়ানোর পরিকল্পনা নিয়ে পাকিস্তান শঙ্কিত। এতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা এবং সীমান্তে সেনা তৎপরতা আরও বেড়ে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে বলে আশঙ্কা করছে ইসলামাবাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 12:26 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সেনা বাড়ানোর পরিকল্পনা নিয়ে পাকিস্তান শঙ্কিত। এতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা এবং সীমান্তে সেনা তৎপরতা আরও বেড়ে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠবে বলে আশঙ্কা করছে ইসলামাবাদ। পাকিস্তানের বিশ্লেষক ও নিরাপত্তা কর্মকর্তাদের অনেকেরই আশঙ্কা, আফগানিস্তান থেকে ১৮ মাসের মধ্যে ওবামা মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তাতে তালেবানরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে ওই সময় পর্যন্ত অপেক্ষা করে থাকার সুযোগ নিতে পারে। পাকিস্তান ওবামার সেনা বাড়ানোর পদক্ষেপকে সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে এবং এর বিরূপ প্রভাব এড়ানো প্রয়োজন বলে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে। বাড়তি মার্কিন সেনা দক্ষিণ আফগানিস্তানে পদার্পন করা মাত্র তালেবানরা কৌশলে পিছু হটে গিয়ে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের আইনশৃঙ্খলাহীন আদিবাসী অঞ্চলে প্রবেশ করতে পারে বলে উদ্বিগ্ন অনেকেই। দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় তালেবানদের বিরুদ্ধে ইতোমধ্যেই লড়াইয়ের কঠিন পরিস্থিতিতে থাকা পাকিস্তান এতে বাড়তি ঝুঁকির মুখে পড়বে। দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তানের স্থল অভিযান শুরুর পর থেকে পাকিস্তানজুড়ে আত্মঘাতী বোমা হামলা ইতোমধ্যেই বেড়েছে। এতে করে দেশের স্থিতিশীলতা নিয়ে শঙ্কা বাড়ছে। পাকিস্তানের বিশ্লেষকরা বলছেন, আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র আফগানিস্তান যুদ্ধকে সর্বাধিক গুরুত্ব দিলেও তারা সীমান্তের ওপারে বসে থাকা তালেবানদের সঙ্গে লড়াইয়ে পেরে না উঠে হতাশ হয়ে পড়তে পারে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব এবং ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এর বর্তমান চেয়ারম্যান তানভীর আহমেদ খান বলেছেন, "অস্তিত্বের লড়াইয়ে তালেবানরা পাকিস্তানে প্রবেশ করতে পারে। আর এখন সেনা প্রত্যাহারের একটা সময়সূচিও আছে। ফলে তারা কেবলমাত্র লড়াই এড়াতে পারে।" তিনি বলেন, "আর এটি যদি সত্য হয় তাহলে মার্কিনিরা অবশ্যই তাদের ওপর পুরোদস্তুরভাবে চড়াও হবে। অতীতে যেমনটি দেখা যায়নি। ফলে পাকিস্তানে ড্রোন হামলা আরও বেড়ে যাওয়া এমনকি বিশেষ সামরিক অভিযানও চলতে পারে।" মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে পাকিস্তানে সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ২০১১ সময়সীমা দেওয়াটা বুদ্ধিমানের কাজ হয়নি। কারণ তালেবানরা চালাকি করলে তারা এখন লড়াই বন্ধ করে মার্কিন সেনা প্রত্যাহার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং তারপর বিশৃঙ্খলা পাকাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৪ ঘ.