রোম, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে প্রেসিডেন্ট বারাক ওবামার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনায় অংশ হিসাবে ইতালিও সেখানে বাড়তি প্রায় ১ হাজার সেনা পাঠাবে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী ইনাসিও লা রাশা বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
ইতালি আফগানিস্তানে ১৫০০ সেনা পাঠাবে--- গণমাধ্যমগুলোর এ খবরের প্রতিক্রিয়ায় রাশা 'কোরিয়ারে ডেলা সেরা' পত্রিকায় বলেন, "এ সর্বোচ্চ কোটায় আমরা পৌঁছতে পারব না..... আমাদের পাঠানো সেনা সংখ্যা এর চেয়ে কম হবে।"
তিনি বলেন, সেনা সংখ্যা ঠিক কত হবে সেটি নির্ধারণ করা হবে আগামী দিনগুলোতে পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যকার বৈঠকে।
সেনাসংখ্যা প্রায় ১ হাজার হবে কিনা---এ প্রশ্নের জবাবে রাশা বলেন, "হ্যাঁ, আমি তাই-ই বলব।"
প্রতিরক্ষামন্ত্রীর এক সহযোগী বলেছেন, ৮০০ থেকে ১ হাজার সেনা বাড়ানোর কথা আলোচনা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৫ ঘ.
bdnews24