ওয়াশিংটন, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২/৩ সপ্তাহের মধ্যেই আফগানিস্তানে পৌঁছবে ওবামার নির্দেশিত ৩০ হাজার বাড়তি সেনার প্রথম দল। শীর্ষ মার্কিন কর্মকর্তারা একথা জানিয়েছেন। তবে আফগানিস্তান থেকে ১৮ মাসের মধ্যে সেনা ফেরানো শুরুর পরিকল্পনা সফল নাও হতে পারে বলে জানিয়েছেন তারা।
প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে এই বিপুল সংখ্যক সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করামাত্রই আইনপ্রণেতাদের বিরোধিতার মুখে পড়েছিলেন। কিন্তু এর একদিন পর এ পরিকল্পনা সমর্থন করলেন ওবামা সহযোগীরা।
প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সিনেট এবং আর্মড সার্ভিসেস কমিটিতে বলেছেন, নতুন মার্কিন সেনার প্রথম দল ২/৩ সপ্তাহের মধ্যেই আফগানিস্তানে পাঠানো হবে। এর মধ্য দিয়েই আফগানিস্তানে সেনা বাড়ানো শুরু হবে।
এই বাড়তি সেনার লক্ষ্য আফগানদের হাতে তাদের নিরাপত্তার দায়িত্বভার হস্তান্তর করা। তিনি বলেন, "২০১১ সালের গ্রীষ্মের মধ্যে আফগানদের হাতে নিরাপত্তার দায়িত্বভার অর্পন করাটা জরুরি এবং আমার দৃষ্টিকোণ থেকে এটি করা সম্ভব।"
গেটস আরও বলেন, যুক্তরাষ্ট্র ২০১০ সালের ডিসেম্বরে সেনা আফগান পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা করে তারপর সেনা দেশে ফেরানোর সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ভালো মনে না হলে ওয়াশিংটন দেশটিকে অরক্ষিত রেখে সেখান থেকে চলে আসবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৩ ঘ.
bdnews24