ইসলামাবাদ, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসলামাবাদের নৌবাহিনীর সদরদপ্তরগুলোর বাইরে বুধবার আত্মঘাতী বোমা হামলায় এক রক্ষী নিহত এবং দুই নৌ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান যুদ্ধে সেনা বাড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর এই বোমা হামলা হল।
ওবামার এ পদক্ষেপে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকবে এবং সেনাবাহিনীর তালেবানবিরোধী অভিযান আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন সেদেশের কর্মকর্তারা।
ইসলামাবাদের চীফ কমিশনার ফজল আসগর বলেছেন, রক্ষী বোমাহামলাকারীকে নৌবাহিনীর সদরদপ্তরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে বোমা বিস্ফোরণে নিহত হয়। এতে ৬ বছরের একটি শিশুসহ মোট ১১ জন আহত হয়েছে।
আসগর সাংবাদিকদের বলেন, হামলাকারী কোট পরে ছিল। তাকে এটি খুলতে বলে পরিচয়পত্র দেখাতে বলা হয়। হামলাকারী কোট খুলতেই তার দেহে বাঁধা আত্মঘাতী বেল্ট দেখা যায় এবং সঙ্গে সঙ্গেই এটি বিস্ফোরিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ ঘ.
bdnews24