দুবাই, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সৌদি আরবের জেদ্দায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। সৌদি জরুরি সেবা বিভাগ রোববার একথা জানিয়েছে।
ওদিকে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ১৪০০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
জেদ্দায় কয়েক বছরের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাতে এ বন্যা দেখা দিয়েছে। কেউ পানিতে ডুবে, কেউ সেতু ধসে আবার কেউ গাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে।
বার্ষিক হজ মৌসুমে গত বুধবার প্রথম দিনে প্রচণ্ড বৃষ্টিপাতের পর বন্যায় নিহত হয় ১৩ জন। একদিনেই তা বেড়ে দাঁড়ায় ৪৮ জনে।
হজ করতে সৌদি আরবে গেছে ১৬ লাখ হাজী। বন্যায় নিহতদের মধ্যে কোনও হাজী থাকার খবর পাওয়া যায়নি। তবে পানিতে হজযাত্রীদের মক্কায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে আটকা পড়ে যাত্রীরা।
মরুর দেশ সৌদি আরবে বিরল এই বন্যায় ভেসে গেছে জেদ্দার রাস্তাঘাট ও ঘরবাড়ি। জেদ্দাই হাজীদের মূল প্রবেশপথ।
সরকারি কর্মকর্তা জাসেম আল ইয়াকুত বুধবার রয়টার্সকে বলেন, মক্কায় যাওয়ার পথে দুটি সেতু ভেঙে পড়েছে। নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৫ ঘ.
bdnews24