কলোম্বো, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার সাবেক সেনা প্রধান জেনারেল সারথ ফন্সেকা রোববার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জানুয়ারির এ নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে লড়বেন তিনি।
সাংবাদিকদের ফন্সেকা বলেন, আমি বিরোধীদলগুলোর সাধারণ একজন প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।
শ্রীলংকায় নির্বাচন হওয়ার কথা রয়েছে ২৬ জানুয়ারি। ফন্সেকা বলেন, "শ্রীলংকা সন্ত্রাসীদের হাতে সহিংসতার শিকার হয়েছে এবং দীঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে। এখন আমরা সন্ত্রাস দূর করেছি। কিন্তু এখন দেশটিকে একনায়কের হাতে ছেড়ে দেওয়া যায় না।"
তিনি সরকারের দুর্নীতির রেকর্ড, গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র, যুদ্ধে উদ্বাস্তুদের পুনর্বাসন এবং দেশের অইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। শ্রীলংকার বিরোধীদল এমনকি পশ্চিমারাও এসব ক্ষেত্রে রাজাপাকসের কার্যকারিতার অভাবের সমালোচনা করেছে।
এর আগে গত বৃহস্পতিবার বিরোধীদল সারথ ফন্সেকাকে প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে বলে জানায়।
ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমসিং সাংবাদিকদের বলেন, বিরোধীদল এই নির্বাচনকে প্রভাবশালী নির্বাহী প্রেসিডেন্ট প্রথা বিলুপ্ত করে গণতন্ত্র সমুন্নত করা এবং যুদ্ধে উদ্বাস্তু হওয়া তামিল সংখ্যালঘুসহ হাজার হাজার মানুষকে পুনর্বাসন করার ওপর গণভোট হিসাবে কাজে লাগাতে চায়।
শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধে গত মে মাসে তামিল টাইগার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছে সরকার। যুদ্ধে জয় নিয়ে আসা ফন্সেকা নির্বাচনে রাজাপাকসেকে টেক্কা দেওয়ার মতো যথেষ্ট ভোট পাবেন বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৩ ঘ.
bdnews24