লন্ডন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাংস ৩০ শতাংশ কম উৎপাদন করা এবং খাওয়া জলবায়ু ও জনস্বাস্থ্য দুয়ের জন্যই উপকারী। বিজ্ঞানীরা বুধবার একথা বলেছেন।
ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার গবেষকরা গবেষণা করে দেখেছেন, কার্বন নির্গমনের রাশ টেনে ধরা কিংবা কৃষিতে জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানোই গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য যথেষ্ট নয়।
যেসব দেশের মানুষ মাংসপ্রিয় সে সমস্ত দেশে গিনহাউস গ্যাস নির্গমন রোধে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি গবাদিপশু পালন এবং মাংস ভক্ষণ ৩০ শতাংশ কমিয়ে দিলে তা জনস্বাস্থ্যের জন্য শুভ ফলদায়ক হবে। এতে করে কার্বন নির্গমনও কমবে বলে উল্লেখ করেছেন গবেষকরা।
গবেষণায় দেখা গেছে, ব্রিটেনে প্রাপ্তবয়স্করা চর্বিযুক্ত মাংস খাওয়া ৩০ শতাংশ কমালে হৃদরোগে অকাল মৃত্যুর হার ১৭ শতাংশ কমে যাবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, গ্রিন হাউস গ্যাস নির্গমনের ১৮ শতাংশই হয় মাংস উৎপাদন থেকে। বিশেষজ্ঞরা বলছেন, মাংসের ক্রমবর্ধমান চাহিদা বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে এ চাহিদা থেকে গবাদিপশু পালন ৮৫ শতাংশ বেড়ে যেতে পারে।
ডিসেম্বরে কোপেনহেগেন বিশ্ব জলবায়ু সম্মেলনের আগে বিশ্ব উষ্ণায়ন এবং জনস্বাস্থ্য নিয়ে ধারাবাহিক গবেষণার অংম হিসাবে পরিচালিত এ গবেষণা রিপোর্টটি প্রকাশ করেছে ল্যানসেট মেডিক্যাল জার্নাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২১ ঘ.
bdnews24