ওয়াশিংটন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে দীর্ঘ ৮ বছরের ব্যয়বহুল ও অজনপ্রিয় লড়াই শেষ করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ লক্ষ্যে ওবামা আগামী সপ্তাহে আফগানিস্তানে প্রায় ৩০ হাজার সেনা পাঠাতে পারেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওবামা বলেছেন, আফগানিস্তানের যুদ্ধ কৌশল নিয়ে তিনি শিগগিরি কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন, "৮ বছর পর আমার মনে হয় এর মধ্যে কয়েক বছরই আমরা কাজটি শেষ করার কৌশল বা রসদ পাইনি। আমার একাজ শেষ করার ইচ্ছা আছে।"
ওবামা ১ ডিসেম্বরে আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ব্যয় ঘাটতির মুখে হোয়াইট হাউসের হিসাবে, আফগানিস্তানে পাঠানো প্রতিটি অতিরিক্ত সেনার জন্য প্রতি বছরে খরচ পড়বে ১০ লাখ ডলার। ফলে সেনা পাঠানোর সিদ্ধান্তটি ওবামার জন্য রাজনৈতিক দিক থেকে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১১ ঘ.
bdnews24