কোতোনাউ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেনিন উপকূলের অদূরে একটি তেল ট্যাংকারে জলদস্যুদের হামলায় ইউক্রেনের এক ক্রু নিহত হয়েছে। তারা জাহাজের সিন্দুক থেকে মালামালও ছিনিয়ে নিয়ে গেছে।
পশ্চিম আফ্রিকার দেশটির নৌবাহিনীর প্রধান মঙ্গলবার একথা জানিয়েছেন।
কমান্ডার ম্যাক্সিম আহোইয়ো সাংবাদিকদের জানান, বেনিন উপকূলের ১৮ মাইল দূরে ক্যানসাল স্টার নামের লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে হামলা চালানো হয়। জাহাজটি নাইজেরিয়া থেকে ৮৯ হাজার কিউবিক মিটার অশোধিত তেল নিয়ে যাওয়ার সময় জলদস্যুরা হামলা করে।
আহোইয়ো বলেন, " বিভিন্ন দেশের সাতজন জলদস্যু কানস্যাল স্টার নামের তেল ট্যাংকারে হামলা করে। জাহাজটির ক্যাপ্টেনের দেওয়া তথ্য অনুযায়ী....ইউক্রেনের এক ক্রু নিহত হয়েছে।"
জাহাজটিতে ইউক্রেন, লাইবেরিয়া, রাশিয়া ও ফিলিপাইনেরসহ মোট ২৪ জন ক্রু ছিল।
তিনি আরও বলেন, "জাহাজের ক্রুরা নাইজেরিয়ার এক জলদস্যুকে আটক করেছে। আটক জলদস্যুকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোনাউয়ে নিয়ে যাওয়া হয়েছে।"
জাহাজের সিন্দুক থেকে কী নিয়ে যাওয়া হয়েছে তার অনুসন্ধান চলছে।
গত বছর থেকে আফ্রিকার পূর্ব উপকূলে তেল ট্যাংকার ও জাহাজ ছিনতাই বেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৫২ ঘ.
bdnews24