নয়াদিল্লি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা রোববার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের প্রতি নমনীয় নন। এছাড়া যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং তিব্বত নিয়ে ওবামার সঙ্গে আলোচনা করবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
সংবাদ ভিত্তিক ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দালাই লামা বলেন, "ওবামা চীনের প্রতি নমনীয় নন। তার ধরণ একটু ভিন্ন।"
চীন সফরকালে দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে তিব্বত সমস্যা সমাধানের জন্য আবারও আলোচনার শুরু করতে চীনকে আহ্বান জানিয়েছেন ওবামা।
ওবামার এ মন্তব্যের পর তিব্বতের প্রবাসী সরকার চীনের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে।
তিব্বত বিষয় নিয়ে এ পর্যন্ত চীনা কর্মকর্তা ও দালাই লামার প্রতিনিধিদের মধ্যে আট দফা বৈঠক হলেও তা থেকে কোনো সমাধানই বেরিয়ে আসেনি।
১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে একটি ব্যর্থ বিপ্লবের পর ভারত পালিয়ে যান দালাই লামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪৮ ঘ.
bdnews24