শ্রীনগর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ এশিয়ায় বিশেষ করে কাশ্মীরে শান্তি স্থাপনে চীনের ভূমিকা আছে। বিরোধপূর্ণ কাশ্মীরের কিয়দংশ চীনের নিয়ন্ত্রণে থাকায় তাদের ওপর এ দায়িত্ব বর্তায়। কাশ্মীরের প্রধান বিচ্ছিন্নতাবাদী জোটের নেতা মিরওয়াইজ উমর ফারুক একথা বলেছেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতারা এই প্রথম কাশ্মীর নিয়ে বিরোধ নিরসনে চীনের ভূমিকা এবং এর একটি অংশে চীনের নিয়ন্ত্রণের কথা উল্লেখ করলেন।
১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরে বিক্ষোভ শুরু হয়। কাশ্মীরের ৪৫ শতাংশ ভারত এবং ৫৩ শতাংশ পাকিস্তানের এবং বাকি অংশ চীনের নিয়ন্ত্রণে রয়েছে।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জোট 'অল পার্টিস হুরিয়াত কনফারেন্স' এর চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক শুক্রবার রাতে হাজার হাজার মুসলিম পুন্যার্থীর উদ্দেশে বলেন, "এর (চীনের) সরাসরি কাশ্মীরের সঙ্গে সম্পর্ক রয়েছে। আকসাই চিনসহ কয়েকটি স্থানে এর নিয়ন্ত্রণ রয়েছে।"
তিনি আরও বলেন, "কাশ্মীর নিয়ে সংঘর্ষে চীন কোনো পক্ষ না হলেও এ অঞ্চলের শান্তি স্থাপনে তাদেরও দায় দায়িত্ব আছে।"
ফারুক শিগগিরই চীন সফরের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, " দক্ষিণ এশিয়ার কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র এবং চীন যৌথভাবে যে পদক্ষেপ নিয়েছে হুরিয়াত তাকে স্বাগত জানায়।"
ফারুক যুক্তরাষ্ট্র ও চীনের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে একথা জানান। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীন সফরকালে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক শেষে ভারত-পাকিস্তান সম্পর্কোন্নয়ন নিয়ে একটি বিবৃতি দেন।
এর জবাবে ভারত জানিয়েছে, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য বাইরের কারও সহায়তা প্রয়োজন নেই।
ভারত ও পাকিস্তান কাশ্মীরকে নিজের অংশ বলে দাবি করে আসছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটি দুবার লড়াইও করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৪ ঘ.
bdnews24