২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা থেকে এক সপ্তাহ দূরে থাকবেন মিচেলেত্তি

অভ্যুত্থান পরবর্তী হন্ডুরাসের কার্যত শাসক রবার্তো মিচেলেত্তি শুক্রবার বলেছেন, তিনি এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের কার্যক্রম থেকে দূরে থাকবেন। পাঁচ মাস ধরে চলা দেশটির রাজনৈতিক সংকট সমাধানে এ পদক্ষেপ উপকারী হবে বলে যুক্তরাষ্ট্র তার ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 11:02 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

তেগুচিগালপা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অভ্যুত্থান পরবর্তী হন্ডুরাসের কার্যত শাসক রবার্তো মিচেলেত্তি শুক্রবার বলেছেন, তিনি এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের কার্যক্রম থেকে দূরে থাকবেন। পাঁচ মাস ধরে চলা দেশটির রাজনৈতিক সংকট সমাধানে এ পদক্ষেপ উপকারী হবে বলে যুক্তরাষ্ট্র তার ঘোষণাকে স্বাগত জানিয়েছে। গত জুনে সেনারা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকে নির্বাসনে পাঠালে মিচেলেত্তি ক্ষমতা গ্রহণ করেন। তিনি আগের দিন বৃহস্পতিবার বলেন, ২৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত তিনি প্রেসিডেন্সিয়াল দায়িত্ব পালন থেকে দূরে থাকবেন যাতে ভোটাররা ২৯ নভেম্বরের নির্বাচনের দিকে মনোযোগী হতে পারে। এ পরিকল্পনা নিশ্চিত করতে তিনি স্থানীয় টেলিভিশনকে বলেছেন, "সাময়িক অনুপস্থিতির মাধ্যমে আমি হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট ও প্রার্থীদের তাদের কাজকর্মের সুযোগ করে দিতে চাচ্ছি।" মার্কিন পররাষ্ট্র দপ্তর তার প্রস্তাবটি সংকট উত্তরণে সহায়তা করবে বলে মন্তব্য করার কয়েক ঘণ্টা পরেই তিনি টিভিতে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন। তবে ক্ষমতাচ্যুত জেলায়া ওই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছেন, মিচেলেত্তির স্থায়ীভাবে বিদায় নেওয়া উচিত। জেলায়া দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর গত অক্টোবরে গোপনে দেশে ফিরে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নিয়েছেন। তিনি কোনোরকম আপসরফার মাধ্যমে প্রেসিডেন্ট পদে ফিরতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, এতে অভ্যুত্থান ও আগামী সপ্তাহে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে বৈধতা দেওয়া হবে। তিনি ওই নির্বাচনকেও অবৈধ আখ্যা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৭ ঘ.