জেরুজালেম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইহুদিদের জন্য ইসরায়েলের নতুন ৯০০ বাড়ি নির্মাণের পরিকল্পনায় ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীর এবং সংযুক্ত পূর্ব জেরুজালেমে এই নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে।
এতে ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরুর প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টা ক্ষুন্ন হচ্ছে বলে ইসরায়েলকে দোষারোপ করেছে ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও ইসরায়েলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।
ইসরায়েলের দৈনিক ইয়েদিয়থ আহরনথ পত্রিকা বলেছে, বারাক ওবামার দূত জর্জ মিচেল সোমবার লন্ডনে এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক সহযোগীকে গিলো ইহুদি বসতিতে বাড়ি নির্মাণ বন্ধের অনুরোধ জানিয়েছেন।
কিন্তু ইসরায়েল সরকারের প্ল্যানিং কমিশন গিলো বসতিতে নতুন করে ৯০০ হাউজিং ইউনিট তৈরির অনুমতি দিয়েছে। ইসরায়েলের এই গিলো বসতি জেরুজালেম পৌরসভার আওতাভুক্ত। এখানে ইতোমধ্যেই বাস করছে ৪০ হাজার ইহুদি।
অতিরিক্ত আরও বাড়ি নির্মাণের সিদ্ধান্তের জন্য ইসরায়েলকে কড়া ভাষায় তিরস্কার করেছে হোয়াইট হাউস।
হতাশা প্রকাশ করে হোয়ইট হাউসের প্রেস সেক্রেটারি রবার্ট গিবস বলেছেন, "আমরা যখন শান্তি আলোচনা নতুন করে শুরুর জন্য কাজ করছি ঠিক সে সময়টিতে এ সমস্ত কার্যকলাপ আমাদের প্রচেষ্টা সফল হওয়ার পথকে আরও কঠিন করে তুলছে।"
বিবৃতিতে গিবস আরও বলেন, যুক্তরাষ্ট্র পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি বাড়ি উচ্ছেদ ও ধ্বংসের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, এ ধরনের কার্যকলাপ শান্তিপ্রচেষ্টা ক্ষুন্ন করছে এবং ইসরায়েল-ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রীক সমাধানের কার্যকারিতা নিয়ে সংশয় সৃষ্টি করছে বলেই তিনি মনে করেন। বানের মুখপাত্র ফারহান খান একথা জানান।
ওদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সহযোগী নাবিল আবু রুদেইনাহ বলেছেন, ইসরায়েলের এ পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার শেষ সুযোগটুকুও নস্যাৎ করছে।
আব্বাস বরাবরই বলে আসছেন, ইসরায়েল বসতিস্থাপন বন্ধ করলেই কেবল শান্তি আলোচনা আবারও শুরু হতে পারে।
ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা গত ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩২
bdnews24