২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ক্রয় নিয়ে কোনো দুঃখ নেই টাটার

ভারতের টাটা মোটর্স কোম্পানি বছর খানেক আগে ল্যান্ড রোভার ও জাগুয়ার ব্রান্ড কিনে নিয়েছিল। এর কর্ণধার রতন টাটা সোমবার বলেছেন, এই কেনা নিয়ে তাদের কোনো দুঃখবোধ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 11:19 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ওয়াশিংটন, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের টাটা মোটর্স কোম্পানি বছর খানেক আগে ল্যান্ড রোভার ও জাগুয়ার ব্রান্ড কিনে নিয়েছিল। এর কর্ণধার রতন টাটা সোমবার বলেছেন, এই কেনা নিয়ে তাদের কোনো দুঃখবোধ নেই। বিশ্ব অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে টাটার মতো রুপার্ট মারডক এবং ক্যারলস স্লিম-ও বলেছেন, বিশাল ক্রয় নিয়ে তাদেরও কোনো দুঃখ নেই। এ দুজন যুক্তরাষ্ট্রে সংবাদপত্র কিনেছেন বা বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। 'ওয়াল স্ট্রিট জার্নাল সিইও কাউন্সিল' এর সম্মেলনে টাটা স্বীকার করেন, "বেশ কঠিন সময় যাচ্ছে।" তাই বলে ফোর্ড মোটর্স কোম্পানি থেকে ল্যান্ড রোভার ও জাগুয়ার কিনে নেওয়ার কারণে তাদের কোনো অনুশোচনা নেই। তিনি আশা প্রকাশ করেন, টাটার মালিকানায় এই দুটি ব্রান্ড হৃতগৌরব ফিরে পাবে। বড় ধরনের কেনাকাটা নিয়ে কারও কোনো কষ্ট বা দুঃখবোধ আছে কি না সে আলোচনায় বিশ্ব-ব্যবসায় অন্যতম ধনকুবের, নিউজ কর্পোরেশনের প্রধান রুপার্ট মারডক এবং মেক্সিকোতে টেলিযোগাযোগ ও অন্যান্য ব্যবসায় বিশাল সাম্রাজ্য গড়ে তোলা ক্যারলস স্লিম এরকম মনোভাব থাকার কথা অস্বীকার করেন। মারডক বলেন, "ওয়াল স্ট্রিট জার্নাল নিয়ে আমার কোনো দুঃখ নেই।" সংবাদপত্র শিল্পে বিজ্ঞাপন থেকে আয় এবং প্রচারসংখ্যা কমে যাওয়ার পরিস্থিতিতে গত অক্টোবরে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, অর্থ বাঁচাতে তারা বোস্টন ব্যুারো বন্ধ করে দেবে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় বড়ধরনের বিনিয়োগকারী স্লিমও তার বিনিয়োগের পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, সংবাদপত্র শিল্পকে শুধু কাগজ হিসেবে দেখলে চলবে না। " সংবাদ ও এরকম উপকরণ নিয়েই সংবাদপত্র।" তিনি বলেন, "আমি মনে করি এটি (টাইমস) বিশ্বের অন্যতম সেরা সংবাদপত্র।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১৬ ঘ.