কলম্বো, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার শীর্ষ জেনারেল শরত ফনসেকা সোমবার তার উর্দিকে বিদায় জানিয়ে বলেছেন, রাজনীতিতে প্রবেশের ব্যাপারে দুই থেকে তিনদিনের মধ্যে তিনি ঘোষণা দেবেন। প্রেসিডেন্ট নির্বাচনে তার দাঁড়ানোর জল্পনা-কল্পনার মধ্যে একথা বললেন ফনসেকা।
তামিল টাইগার গেরিলাদের বিরুদ্ধে ২৫ বছরের লড়াইয়ে জয়ের পেছেনে ব্যাপক কৃতিত্বের অধিকারী ফনসেকা গত সপ্তাহে 'চিফ অব ডিফেন্স স্টাফ' পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে সেনা অভ্যুত্থানের অযৌক্তিক ভয়ে অন্যায়ভাবে তাকে কোনঠাসা করে রেখেছেন।
সোমবার বিদায়ের কাগজপত্রে সই করে তিনি বলেন, "আজ আমি সেনা পোশাককে বিদায় জানালাম।"
রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি আমার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে দুই থেকে তিনদিনের মধ্যে ঘোষণা দেবো। ভবিষ্যতে আমি দেশের সেবা করব।"
শ্রীলংকার প্রধান বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ও মার্ক্সবাদী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) ফনসেকার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার কানাঘুষায় আরও হাওয়া যুগিয়ে বলেছে, তারা ফনসেনাকে একজন কমন প্রার্থী হিসেবে সমর্থন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০০ ঘ.
bdnews24