জেরুজালেম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনিরা শান্তি চুক্তির উপসংহার না টেনেই স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে ইসরায়েল পশ্চিম তীরের আরও অংশ সংযুক্ত করে নিতে পারে। ইসরায়েলের পরিবেশমন্ত্রী গিলাদ এরদান সোমবার একথা বলেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বেতারে বলেন, "ফিলিস্তিনিরা এরকম একতরফা পথে হাটলে ইসরায়েলেরও উচিত কিছু বসতি সংযুক্ত করে নেওয়ার আইন পাসের কথা চিন্তা করা।
এর কোনও সময় নির্ধারণ না করে ফিলিস্তিনি কর্মকর্তারা রোববার বলেন, ফিলিস্তিনরা পশ্চিম তীর ও গাজা নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমর্থন আদায় করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার পরিকল্পনা করেছে।
ফিলিস্তিনিদের এই একতরফা পদক্ষেপের তড়িৎ প্রতিক্রিয়া জানিয়ে নেতানিয়াহু রোববার এক ভাষণে বলেছেন, কেবল ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনার মধ্য দিয়েই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে।
তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল কর্তৃপক্ষের মধ্যে আলোচনার আর কোনও বিকল্প নেই এবং একতরফা কোনও পথ কেবল ইসরায়েলি পক্ষ থেকে একতরফা পদক্ষেপ গ্রহণের পট প্রস্তুত করবে।
তবে ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, তাদের ওই কূটনৈতিক পদক্ষেপের উদ্দেশ্য একতরফা স্বাধীনতা ঘোষণা করা নয়। এর উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিরা যে রাষ্ট্র চায় তার প্রতি আন্তর্জাতিক সমর্থন আদায় করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২১ ঘ.
bdnews24