২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে কূটনীতির সময় ফুরিয়ে আসছে: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের সঙ্গে কূটনীতির সময় ফুরিয়ে আসছে। কিন্তু পরমাণু চুক্তির জন্য পশ্চিমাদেরকেই আন্তরিকতা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

সিঙ্গাপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের সঙ্গে কূটনীতির সময় ফুরিয়ে আসছে। কিন্তু পরমাণু চুক্তির জন্য পশ্চিমাদেরকেই আন্তরিকতা দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি বিরোধে আর ধৈর্য ধরা যাচ্ছে না বলে জানান ওবামা। ইরান জাতিসংঘ খসড়া জ্বালানি চুক্তিতে সাড়া না দিলে তাদেরকে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিংবা ইসরায়েলের সামরিক হামলার মুখে পড়তে হবে। সিঙ্গাপুরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে বৈঠকের পর ওবামা বলেন, "এ পর্যন্ত প্রত্যেকেই যে চুক্তিকে সৃজনশীল ও গঠনমূলক বলে স্বীকার করেছে ইরান দুঃখজনকভাবে এখন পর্যন্ত তাতে হ্যাঁ বলতে পারেনি।" ইরানের এই আচরণ শ্রদ্ধার চোখে দেখার সময় ফুরিয়ে আসছে বলে ওবামা উল্লেখ করেন। ওবামার পাশাপাশি ফ্রান্স এবং রাশিয়াও তেহরানের ওপর চাপ সৃষ্টি করেছে। পশ্চিমাদের ধারণা, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারে অটল রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছেন, আলোচনা ব্যর্থ হলে অন্যান্য উপায় অবলম্বন করা হতে পারে। কিন্তু সেটি কি তা তিনি নির্দিষ্ট করে বলেন নি। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র উদ্যোগে প্রণীত খসড়া চুক্তিতে ইরানকে তাদের কমসমৃদ্ধ ৭৫ শতাংশ ইউরেনিয়াম (এলইইউ) প্রক্রিয়াজাত করে জ্বালানিতে রূপান্তর করার জন্য রাশিয়া এবং ফ্রান্সে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের এক ঊর্ধ্বতন উপদেষ্টা মোস্তবা সামারেহ হাশেমি বলেছেন, ওই চুক্তিতে এখনও আনুষ্ঠানিক কোনও সাড়া দেওয়া হয়নি। তিনি বলেন, "পশ্চিমারা তাদের প্রতিশ্র"তিতে কতটুকু আন্তরিক তা দেখার অপেক্ষায় আছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২